২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়াসিম জাফরের সেঞ্চুরি আশার আলো দেখাচেছ ভারতকে

ডারবান টেস্ট শেষে উদ্বোধনী জুটি নিয়ে চরম হতাশার কথা শোনা গিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক দিলীপ ভেঙ্গসরকারের মুখে। হতাশার কারণও ছিল। তখন পর্যন্ত দু’ টেস্টের চার ইনিংসে একবারও দলকে মোটামুটি একটা ভিত দিতে পারেননি ওপেনাররা। কেপটাউন টেস্ট ভেঙ্গসরকারের হতাশা নিশ্চয়ই মুছে দিয়েছে। উদ্বোধনী জুটিতে ১৫৩ রান এলে, ওয়াসিম জাফরের সেঞ্চুরিতে দিন শেষে ভারত ৩ উইকেটে ২৫৪ রান পেয়ে গেলে খুশি না হয়ে পারেন দিলীপ ভেঙ্গসরকার!

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2007, 10:07 PM

Updated : 26 Apr 2022, 01:55 PM

কেপটাউনে অবশ্য আগের দুই টেস্টের জুটিকে ইনিংস সূচনা করতে নামায়নি ভারত। জাফরের সঙ্গী হিসেবে বীরেন্দর শেবাগের জায়গায় বেছে নেওয়া হয় উইকেটকিপার মহেন্দ্র সিং ধোনির ইনজুরির কারণে সুযোগ পাওয়া দীনেশ কার্ত্তিককে। এ পরিবর্তন যে সুফল বয়ে এনেছে ১৫৩ রানের পার্টনারশিপই তার প্রমান। এমন অমূল্য এক জুটি গড়ার পর ৬৩ রান করে আউট হয়ে যান কার্ত্তিক। এর কিছুক্ষণ পরই ওয়াসিম জাফর (১১৬) পেয়ে যান টেস্ট ক্রিকেটে তার তৃতীয় সেঞ্চুরি। ১৫ টি চারের মারে সাজানো এ ইনিংস খেলার পথে টেস্ট ক্রিকেটে এক হাজার রানও পূর্ণ করেছেন জাফর। কার্ত্তিক আউট হওয়ার পর তার সঙ্গে জুটি বেধে স্কোর বোর্ডে  ৪৯ রান যোগ করেন রাহুল দ্রাবিড় (২৯)। তারপর আবার জাফর -- টেন্ডুলকারের ৩৮ রানের জুটি। ভারতকে আরো সুদৃঢ় অবস্থানে নিয়ে যাবার জন্য লড়ছেন শচীন টেন্ডুলকার (২৮*) ও ভিভিএস লক্ষন (৪*)।