ভারতের সামনে ইতিহাস গড়ার সুযোগ, তবে...
নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পর থেকে দেশের মাটিতে টেস্ট সিরিজ খুব কমই হেরেছে দক্ষিন আফ্রিকা।
যে কয়বার হেরেছে, তার মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়া। অন্য প্রতিপক্ষের কাছে একবারই হারতে হয়েছে। ২০০৪-০৫ মৌসুমে ইংল্যান্ড পেরেছিল বিজয়ীর বেশে দক্ষিন আফ্রিকা ছাড়তে। এবার ভারতও কি পারবে? জোহানেসবার্গের হারের বদলা ডারবানে নিয়ে ফেলা গ্রায়েম স্মিথের দলকে হারানো খুব কঠিন হবে কেপটাউনে।
জোহানেসবার্গে দক্ষিন আফ্রিকার বুকে প্রথম টেস্ট জয়ের স্বাদ পেয়েছিল ভারত। কেপটাউনে জয় পেলে সেখান থেকে প্রথম সিরিজ জেতার ইতিহাসও গড়া হবে রাহুল দ্রাবিড়ের দলের। ইতিহাস গড়ার হাতছানিটা তো পরিস্কার। তবে তারচেয়েও পরিস্কার ভারতীয় দলের কিছু দুর্বলতা।
বিশেষ করে উদ্বোধনী জুটির দুর্বলতার কথা তো না বললেই নয়। ডারবান টেস্টের পর দুই ওপেনার বীরেন্দর শেবাগ আর ওয়াসিম জাফরের পারফরম্যান্স নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন প্রধান নির্বাচক দিলীপ ভেঙ্গসরকার। এ পর্যন্ত দু টেস্টের চার ইনিংসে একবারও প্রথম উইকেট জুটিতে ২০ রানের বেশি পায়নি ভারত। লাগাতার ব্যর্থতার কারণে এ টেস্টে বাদ পড়ে যেতে পারেন শেবাগ। জাফর গত টেস্টের দলে ছিলেন শেষ সুযোগ দেওয়ায়। ছোট দুটো ইনিংসে ফর্মে ফেরার ইঙ্গিতও রেখেছেন সেই সুযোগে। কিন্তু দ্বিতীয় ইনিংসে যেভাবে উইকেট ছুঁড়ে দিয়ে এসেছেন, তাতে তার ব্যাপারে কঠোরও হতে পারতেন নির্বাচকরা। তবে দুই ওপেনারকে এক সঙ্গে বাদ দেওয়ার ঝুঁকিতে এবার বোধহয় যাবে না ভারত।
ডারবানের ‘উইনিং কম্বিনেশন’ কেপটাউনে দক্ষিন আফ্রিকা দল ভাঙতে চাইবে না, এটাই স্বাভাবিক। তবে এ টেস্ট হেরে গেলে গ্রায়েম স্মিথের দলে ব্যাপক পরিবর্তন অনিবার্য। অবশ্য সে আশঙ্কা উড়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। ডারবানের জয়ে উজ্জীবিত দক্ষিন আফ্রিকাকে আবার ভারতের পক্ষে হারানো শুধু কঠিন নয়, প্রায় অসম্ভব। ইতিহাস অন্তত রাহুল দ্রাবিড়ের পক্ষে নেই!
