সিডনিতে হোয়াইটওয়াশ ও সম্মান রক্ষার টেস্ট
৪-০ তো হয়েই গেছে , ৫-০ হতে কতক্ষন?
যারা মঙ্গল বার সিডনিতে শুরু হতে যাওয়া অ্যাশেজ সিরিজের শেষ টেস্ট নিয়ে এমন কথা ভাবছেন, তাদের জন্য ভাবনার অন্যরকম খোরাকও আছে। তিন বছর আগে ক্রিকেটকে বিদায় জানিয়েছেন টেস্ট ইতিহাসের সফলতম অধিনায়ক স্টিভ ওয়াহ। ভারতের বিপক্ষে সেই টেস্টে হারতে হারতে কোনোরকমে ড্র করেছিল অস্ট্রেলিয়া। আরো শুনবেন? স্টিভ ওয়ার পূর্বসুরী মার্ক টেলর তার বিদায়ী টেস্টে করেছিলেন মাত্র ৪ রান। ডন ব্র্যাডম্যানের বহুচর্চিত বিদায়ী টেস্টের কথা না হয় ভুলেই থাকলেন। তারপরও কি আপনি নিশ্চিত যে, শেন ওয়ার্ন, গ্লেন ম্যাকগ্রা আর জাস্টিন ল্যাঙ্গারের শেষ টেস্টে অস্ট্রেলিয়ার হোয়াইটওয়াশের স্বপ্নপূরণ হবেই?
ওই সংশয়টুকুই ইংল্যান্ডের ভরসা। আবেগের কাছে ওয়ার্ন, ম্যাকগ্রা, ল্যাঙ্গাররা হেরে গেলে কিংবা তাদের বিদায়ের কথা ভেবে দলের অন্যরাও আশানুরূপ পারফর্ম না করতে পারলে শুধু পরাজয় এড়ানো কেন, ম্যাচ জিতেও যেতে পারে ইংল্যান্ড। সে আশাটুকু নিয়ে এবার দুই স্পিনার মন্টি পানেসার এবং জ্যামি ড্যালরিম্পলকে একসঙ্গে খেলাতে পারে অ্যান্ড্রু ফ্লিনটফের দল।
ওদিকে ওয়ার্নের পাশে স্টুয়ার্ট ম্যাকগিলকেও খেলানোর কথা এখন আর সম্ভবত ভাবছে না অস্ট্রেলিয়া। অধিনায়ক রিকি পন্টিংয়ের ভাবনারাজ্য জুড়ে শুধু ৫-০। সিডনিতে জিততে পারলেই সেটা হয়ে যাবে। সঙ্গে হয়ে যাবে আরো অনেক কিছু। প্রথমত, ১৯২০-২১ মৌসুমে ওয়ারউইক আর্মস্ট্রংয়ের দলের পর এই প্রথম আবার ইংল্যান্ডকে ৫ ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ করবে অস্ট্রেলিয়া। সেক্ষেত্রে গত অ্যাশেজে হারের বদলাটাও হবে চিরস্মরনীয়। তবে এ সবের চেয়েও বড় প্রেরনা ওয়ার্ন, ম্যাকগ্রা, ল্যাঙ্গারের বিদায়টাকে স্মরনীয় করে রাখার দায়িত্ব। সিডনি টেস্ট ইংল্যান্ডের জন্য সান্ত¡নার জয় নিয়ে হোয়াইটওয়াশের লজ্জা এড়ানোর সুযোগ। অন্যদিকে অস্ট্রেলিয়ার জন্য ওয়ার্নদের সম্মানিত করার উপলক্ষ। যারা ভাবছেন আবেগের কাছে হার মেনে এ উপলক্ষকে কাজে লাগাতে ব্যর্থ হতেও পারে অস্ট্রেলিয়া, রিকি পন্টিং তাদের আশ্বস্ত করেছেন এভাবে, “ গত টেস্টেও আমাদের আবেগাপ্লুত হওয়ার ব্যাপার ছিল, কিন্তু আবেগ কোনো খারাপ প্রভাব রাখতে পারেনি।”
