অস্ট্রেলিয়ার মূল লক্ষ্য চ্যাম্পিয়নস ট্রফি
ত্রিদেশীয় ডিএলএফ কাপের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে ১২৭ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া। তবে অধিনায়ক পন্টিং স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দল চ্যাম্পিয়ন হলেও আত্মতৃপ্তির কোন অবকাশ নেই। অক্টোবরে অনুষ্ঠেয় চ্যাম্পিয়নস ট্রফি জয় করাই এখন তাদের মূল লক্ষ্য।
ডিএলএফ কাপ হাতে তুললেও চ্যাম্পিয়নস ট্রফিতে দলের পারফরমেন্স নিয়েই বেশি চিন্তা করছে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। বিশ্বকাপের পর এটিই বিশ্বের দ্বিতীয় বৃহত্তম একদিনের ক্রিকেট টুর্নামেন্ট। সুতরাং ২০০৭ সালের বিশ্বকাপের আগে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জয় করতে পারলে অস্ট্রেলিয়ার জন্য সেটি হবে নিঃসন্দেহে একটি গৌরবের বিষয়। আর শিরোপা প্রত্যাশী অস্ট্রেলিয়াকে নিঃসন্দেহে অন্যতম যোগ্য দল বলেই মনে করছেন পন্টিং। ভারতের কন্ডিশনে আমরা বেশ কয়েকটি ভালো ম্যাচ জিতেছি সুতরাং সেখানে জেতার মতো আত্মবিশ্বাস আমাদের রয়েছে’ জানালেন পন্টিং।
অস্ট্রেলিয়ার আত্মবিশ্বাসেরও যথেষ্ট কারন রয়েছে । ডিএলএফ কাপে ব্রেট লী আর নাথান ব্রাকেনের দুর্দান্ত বোলিংয়ে বিশাল জয় পেয়েছে তারা। ব্রেট লী মাত্র ২৪ রানে ৪ টি উইকেট তুলে নেন আর ব্রাকেন ১৫ রানে তিনটি। স্পিনার শেন ওয়াটসনও ভালো করেছেন; ৩০ রানের বিনিময়ে তার সংগ্রহ ২ টি উইকেট। এই তিন বোলারের দুর্দান্ত পারফরমেন্সের সামনে মাত্র ১১৩ রানেই গুটিয়ে যায় লারা বাহিনীর ইনিংস। ফর্মের তুঙ্গে থাকা ব্রেট লী শুধু ফাইনালেই নন, সিরিজেরও সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন। উইকেট পিছু মাত্র নয় রান দিয়ে তিনি তুলে নিয়েছেন ১২ টি উইকেট। অপর দুই অস্ট্রেলিয় ব্যাটসম্যান এ্যান্ড্রু সাইমন্ডস এবং ডেমিয়েন মার্টিনও তাদের ফর্মে ফিরেছেন। তাই ভারতে ভালো খেলার চিন্তা করতেই পারেন পন্টিং।
তবে ওয়েস্ট ইন্ডিজ এবং ভারতের বিরুদ্ধে দলের এই পারফরমেন্সই যে সব তা মোটেও মনে করছেন না পন্টিং। চারমাস পর ওয়ান ডে খেলতে নামা দলের আরো কিছ ক্রিকেটার এখনো তাদের স্বাভাবিক ছন্দে পারেন নি। সুতরাং অক্টোবরের আইসিসি ট্রফিতে অস্টেলিয়া আরো ভালো পারফর্ম করতে পারবে বলে পন্টিং মনে করছেন। ‘প্রতিটি দিনই আমরা আমাদের খেলা আরো ভালো করার চেষ্টা করছি; হাতে বেশ কিছুটা সময় থাকায় পুরো দলই জয়ের ধারায় ফিরতে পারবে’ জানালেন রিকি।
এবারের ত্রিদেশীয় ডিএলএফ সিরিজে নতুন কিছু ক্রিকেটারকে সামনে এগিয়ে আসার সুযোগ করে দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। আর এবারের খেলায় বেশ কিছু ভালো ক্রিকেটার বের হয়ে আসায় পন্টিংও বেশ খুশি। এতে আইসিসি ট্রফিতে বিভিন্নভাবে দল সাজানোর মতো সুযোগ তৈরি হয়েছে বলে অসি অধিনায়ক মনে করছেন।
এবারের আইসিসি ট্রফির প্রি-কোয়ালিফাইং ম্যাচে বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলংকা এবং জিম্বাবুয়ে অংশ নেবে। এই চারটি দলের যে কোনো একটি দলের বিরুদ্ধে ১৮ অক্টোবর মুম্বাইয়ের খেলবে অস্ট্রেলিয়া। এরপর গ্র“প ম্যাচে ইংল্যান্ড এবং স্বাগতিক ভারতের মুখোমুখি হবে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।
