২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এশিয়াডে দল পাঠাতে হকি কর্মকর্তাদের তৎপরতা

আন্তর্জাতিক অঙ্গনে বারবার ব্যর্থতার জন্য বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশন (বিওএ) ১৯ সেপ্টেম্বর তাদের এক সভায় কাতারে অনুষ্ঠেয় ১৫তম এশিয়াডে ফুটবল এবং হকি দল না পাঠাবার সিদ্ধান্ত নিয়েছে ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2006, 07:15 PM

Updated : 26 Apr 2022, 03:56 PM

এরপরও এশিয়াডে হকি দল পাঠাবার আশায় ক্রীড়া মন্ত্রনালয়ের সম্মতির জন্য বাংলাদেশ হকি ফেডারেশনের (বিএইচএফ) কর্মকর্তারা রোববার যুব ও ক্রীড়ামন্ত্রী ফজলুর রহমানের  সাথে সাক্ষাৎ করেছেন।

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এবং বিএইচএফ প্রেসিডেন্ট এয়ার ভাইস মার্শাল ফকরুল আজম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খাজা রহমতুল্লাহ রোববার ক্রীড়ামন্ত্রীর সাথে সাক্ষাৎ করে এশিয়াডে হকি দল পাঠানোর প্রয়োজনীয়তা সম্পর্কে তাকে অবহিত করেন।

সাক্ষাৎ শেষে রহমতুল্লাহ বিডিনিউজ২৪ডটকমকে জানান, এবারের এশিয়াডে হকি দল পাঠানোর প্রয়োজনীয়তা সম্পর্কে তারা মন্ত্রীকে বোঝাতে সক্ষম হয়েছেন এবং মন্ত্রী এবিষয়ে এখনই কিছু না বললেও দল পাঠানোর সম্মতি দেবেন বলে তারা আশাবাদী।

রহমতুল্লাহ জানান, মন্ত্রীকে তারা জানান যে বাংলাদেশের হকি দল এশিয়াড এবং  এশিয়া কাপ- এই দুটো মাত্র আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেবার সুযোগ পায়। তাই  ভবিষ্যতের কথা ভেবে এশিয়াডে হকি দল পাঠানো  জরুরী।

এবারের এসএ গেমসে ব্যর্থতার কথা স্বীকার রহমতুল্লাহ বলেন, এসএ গেমসে বিশ্বমানের ভারত এবং পাকিস্তান হকি দলের বিরুদ্ধে ভালো পারফরমেন্স না করলেও এশিয়াড কোয়ালিফাইং খেলায় চ্যাম্পিয়ন হয়েই বাংলাদেশ মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে।