২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টানা দ্বিতীয় ম্যাচেও মাঠের বাইরে বেকহ্যাম

স্প্যানিশ লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচেও মাঠে নামা হল না রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার ডেভিড বেকহ্যামের। ২০০৩ সালে স্প্যানিশ ক্লাবটিতে যোগ দেয়ার পর এই প্রথম টানা দুই ম্যাচে তাকে মাঠে নামানো হল না।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2006, 01:30 PM

Updated : 26 Apr 2022, 03:56 PM

রিয়াল বেটিসের বিরুদ্ধে শনিবারের ম্যাচে সাবেক ইংলিশ অধিনায়ক বেকহ্যামের জায়গায় মাঠে নামেন সদ্য রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া খেলোয়াড় হোসে এন্টোনিও রেইস। গত মৌসুমের শেষ দিকে তিনি ইংলিশ ক্লাব আর্সেনাল থেকে রিয়াল মাদ্রিদে আসেন।

রিয়াল মাদ্রিদের অধিনায়ক রাউলকেও মাঠে নামাননি কোচ ফ্যাবিও ক্যাপিলো।

গত সপ্তাহে রিয়াল সোসিদাদের বিরুদ্ধে ম্যাচে প্রথম বাদ পড়েন বেকহ্যাম।

ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাব ছাড়ার আগেও এরকম আরেকবার ঘটেছিল। তখনও বেকহ্যামকে ফর্ম না থাকার অজুহাতে টানা দুই ম্যাচ মাঠের বাহিরে রাখা হয়েছিল।

৩১ বছর বয়সি বেকহ্যাম এই বছর বিশ্বকাপ ফুটবলের পর ইংল্যান্ড জাতীয় দলের অধিনায়কের পদ থেকে সরে দাড়ান। আর নতুন কোচ স্টিভ ম্যাকক্লারেন তাকে দল থেকেই বাদ দিয়ে দেন।

এদিকে রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ জানিয়েছে, বেকহ্যামের সাথে এই বছর চুক্তি শেষ হয়ে গেলেও ক্লাব চুক্তির মেয়াদ আরও দুই বছর বৃদ্ধি করতে চায়।

ডেভিড বেকহ্যামও বিভিন্ন সময় জানিয়েছেন যে, রিয়াল মাদ্রিদে তিনি ভাল আছেন এবং এই ক্লাবে থেকেই তিনি পেশাদার ফুটবলকে বিদায় জানাতে চান।