২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হেয়ারকে নিয়ে পাকিস্তানের আপত্তি নাকচ করে দিল আইসিসি

ভারতে আগামী মাসে অনুষ্ঠেয় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়ান আম্পায়ার ড্যারেল হেয়ারকে খেলা পরিচালনার দায়িত্ব না দেয়ার জন্য পাকিস্তান যে আবেদন করেছিল তা নাকচ করে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2006, 01:13 PM

Updated : 26 Apr 2022, 03:56 PM

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) এক কর্মকর্তা বলেন, আম্পায়ার নির্বাচন করার দায়িত্ব নির্বাহী বোর্ডের এবং সদস্য কোনও দেশ এ বিষয়ে কোন আবদার করতে পারে না বলে আইসিসি জানিয়ে দিয়েছে।

ভারতে ৭ অক্টোবর থেকে অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স ট্রফির আম্পায়াদের নাম আগামী কয়েক দিনের মধ্যে ঘোষণা করা হবে বলে আইসিসি জানায়।

গত মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচ চলার সময় পাকিস্তানি বোলারদের বিরুদ্ধে বল টেম্পেয়ারিং অভিযোগ আনেন অসি আম্পায়ার হেয়ার। তার এই বির্তকিত আচরণের কারণে পাকিস্তান ক্রিকেট বোর্ড আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা পরিচালনার দায়িত্ব হেয়ারকে না দেওয়ার জন্য আইসিসির কাছে লিখিতভাবে আবেদন করেছিল।

আইসিসি কর্মকর্তা জানান, আম্পায়ার নিয়োগের ব্যাপারে আইসিসির সদস্য দেশগুলোর নির্দেশনা গ্রহণ করা হবে না। একমাত্র আইসিসি নির্বাহী বোর্ড এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।

এদিকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কর্মকর্তারা জানান, পাকিস্তান তাদের ম্যাচে কোনভাবেই হেয়ারের উপস্থিতি মেনে নেবে না।