২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাপ্তির আতিশায্যে অভিভূত শাহরিয়ার নাফিস

প্রাপ্তির আকাঙ্খা ঠিকই ছিল, কিন্তু এতটা পেয়ে যাবেন তা কিন্তু মোটেই ভাবতে পারেননি শাহরিয়ার নাফিস । আর তাই যখন এবারের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্ষসেরা ক্রিকেটার এবং বর্ষসেরা ব্যাটসম্যান দুই-ই নির্বাচিত হলেন তখন বিস্ময়ে একবারে অভিভূতই হয়ে পড়েছিলেন সহ- অধিনায়ক শাহরিয়ার নাফিস।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2006, 11:04 PM

Updated : 26 Apr 2022, 03:56 PM

বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্ষসেরা ক্রিকেটার ২০০৫--০৬  পুরস্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত বেশীরভাগ দর্শকই গুঞ্জন তুলেছিলেন যে, বাংলাদেশের অধিনায়ক হাবিবুল বাশারই এবারের বর্ষসেরা ক্রিকেটার হতে যাচ্ছেন । নাফিস এবারের বর্ষসেরা ব্যাটসম্যান নির্বাচিত হওয়াতে সেই গুঞ্জন আরো জোরালো হয়ে উঠেছিল। কিন্তু বছরের রেকর্ড বিচার করে বিচারকরা কোনো দ্বিধা ছাড়াই শাহরিয়ার নাফিসকে  ঘোষণা করছেন বর্ষসেরা ক্রিকেটার হিসেবে।

 শাহরিয়ার নাফিসের মাত্র এক বছরের ক্রিকেট ক্যারিয়ারে তার রানের রেকর্ড যে কোনো বাংলাদেশী ব্যাটসম্যানের জন্য ইর্ষনীয়ই বলতে হবে। গত বছর জুনে একদিনের আন্তর্জাতিক ম্যাচে অভিষিক্ত হওয়া নাফিস তার ২৫টি ম্যাচে একটি শতক ও ৫ টি অর্ধশতকসহ রান করেছেন ৭৮৭। আর সেপ্টেম্বরে কলম্বোয় টেস্ট অভিষেকের পর এ পর্যন্ত  ৬ টেস্টে একটি শতক এবং দুটি অর্ধশতকসহ তার সংগ্রহ  ৪০২ রান।

আনন্দে উদ্বেলিত নাফিস কিন্তু তার বিষ্ময় প্রকাশ না করে পারেননি। বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার হাতে নিয়ে জানালেন ‘এটা আমার কল্পনারই বাইরে ছিল যে আমাকেই এবারের বর্ষসেরা ক্রিকেটার এবং ব্যাটসম্যান নির্বাচিত করা হবে। আমার ক্যারিয়ারের শুরুতেই এই দুটি বড় স্বীকৃতি আমাকে খুবই বিস্মিত করেছে। তবে অবশ্যই আমি আনন্দিত বোধ করছি’।

নাফিস তার এই অবস্থানের জন্য প্রথমেই বাবা-মা এবং পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানালেন। বাবা মায়ের আন্তরিক সহযোগিতা ছিল বলেই এতদূর আসতে পেরেছেন নাফিস। সেই সাথে তার কৈশোরের ক্রিকেট গুরু ওয়াহিদুল গনিকে স্মরণ করলেন কৃতজ্ঞচিত্তে। নিজের যোগ্যতার স্বীকৃতিকে তার প্রিয় কোচের নামে উৎসর্গ করে  তার প্রতি সম্মানও জানিয়েছেন এই তরুন ক্রিকেটার।