২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ফাইনালে ওঠার আশা জিইয়ে রাখলো ভারত

ডিএলএফ কাপে ওয়েস্ট ইন্ডিজের কাছ থেকে লো স্কোরিং ম্যাচে ১৬ রানের জয় পেয়েছে ভারত। আর সেই সাথে তাদের ফাইনালে ওঠার আশাও জিইয়ে রেখেছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2006, 09:40 PM

Updated : 26 Apr 2022, 03:56 PM

ভারতের ১৬২ রানের (৩৯.৩ ওভার) জবাবে লারাবাহিনী মাত্র ১৪৬ রানে (৪১ ওভার) অল আউট হয়ে গেলে অতি প্রয়োজনীয় এই জয় পায় তারা।  স্পিনার হরভজন সিং মূল্যবান ৩৭ রান যোগ করার পাশাপাশি তিন উইকেট তুলে নিয়ে ম্যান অব দি ম্যাচ বিবেচিত হন।

টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। তবে ব্যাট হাতে মোটেই ভালো করতে পারেনি তারা। প্রথম ওভারেই দলীয় এক রানে ও ব্যক্তিগত শূন্য রানে অধিনায়ক রাহুল দ্রাবিড়ের উইকেটটি হারায় ভারত।

তৃতীয় ওভারে স্মিথের প্রথম বলে শেবাগ এক রানে বোল্ড হলে সত্যিকার বিপদে পড়ে ভারত। এরপর ১৫ ওভারের মধ্যেই দলীয় ৬৯ রানে রায়না (১১), যুবরাজ সিং (০) ও ধোনি (১৮) আউট হয়ে যান। ষষ্ঠ ব্যাটসম্যান আগারকার করেন চার রান।

তবে সপ্তম উইকেট জুটিতে তেন্ডুলকার ও হরভজন দৃঢ়তার সাথে ব্যাটিং করে দলকে মোটামুটি একটি অবস্থানে নিয়ে যাওয়ার চেষ্টা চালিয়ে যেতে থাকেন। এই জুটি ১৫ দশমিক ৫ ওভারে ৭৮ রান যোগ করেন।

দলীয় ১৫৬ রানে হরভজন ব্যক্তিগত ৩৭ রানে এবং ১৫৭ রানের মাথায় তেন্ডুলকার ব্যক্তিগত ৬৫ রানে আউট হয়ে গেলে ভারতের একটি প্রতিযোগিতামূলক স্কোর গড়ার চেষ্টা ব্যর্থ হয়ে যায়। ১৬২ রানেই অল আউট হয়ে যায় তারা।

ভারতের তৃতীয় সর্বোচ্চ রান আসে অতিরিক্ত থেকে। ওয়েস্ট ইন্ডিয়ান বোলারদের কাছ থেকে মূল্যবান ২২টি রান উপহার পায় তারা।

ওয়েস্ট ইন্ডিজের ফার্স্ট বোলার স্মিথ ৩১ রানের বিনিময়ে ভারতের চারটি মূল্যবান উইকেট তুলে নেন। ক্রিস গেইল দুটি এবং কলিনমোর ও ব্রাভো একটি করে উইকেট নেন।

ভারতের এই অল্প রানের জবাবে ওয়েস্ট ইন্ডিজ কিন্তু বেশ ভালোভাবেই ইনিংসের সূচনা করে। প্রথম উইকেট জুটিতে চন্দরপল এবং মর্টন ৪৪ রান করেন। চন্দরপল ব্যক্তিগত ২১ রানে প্যাটেলের বলে শেবাগের তালুবন্দী হন। কিন্তু এরপরই ব্যাটিং বিপর্যয়ে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। দলের রান ৭০ ছুঁতেই পাঁচ উইকেট খুইয়ে বসে তারা।

এরপর আর খেলায় ফিরে আসতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। ধারাবাহিক বিরতিতে আরো দুটি উইকেট বিসর্জন দিয়ে দলীয় রান যখন সাত উইকেটে ৯৭ তখন মাঠে নামেন অধিনায়ক ব্রায়ান চার্লস লারা। ক্রিজের একপাশ সামলে রেখে জয়ের আশাও জিইয়ে রাখতে পেরেছিলেন। তবে শেষপর্যন্ত লারা সর্বোচ্চ ৪০ রান করে অপরাজিত থাকলেও হরভজনের বোলিংয়ের সামনে টেল এন্ডারদের অসহায় আত্মসমর্পনে ১৪৬ রানে থমকে যায় তাদের ইনিংস। হরভজন ৩৫ রানে তিন উইকেট তুলে নেন। এছাড়া আগারকার, প্যাটেল এবং শ্রীশান্ত পান দুটি করে উইকেট।  

পরের ম্যাচে ২২ সেপ্টেম্বর ভারত ফাইনালে ওঠার লড়াইয়ে অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে। এই ম্যাচে বিজয়ী দলই ২৪ সেপ্টেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ফাইনালে মাঠে নামবে।