২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পর্যবেক্ষক দল গঠনের জন্য ক্লাব প্রতিনিধিদের সাথে আলোচনায় বসছে বাফুফে

ফুটবলারদের দলবদল এবং প্রথম পেশাদার ফুটবল লীগ আয়োজন নিয়ে আলোচনা-পুনরালোচনার মারপ্যাঁচ বুঝি আর শেষ হবার নয়।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2006, 10:52 PM

Updated : 26 Apr 2022, 03:56 PM

এ নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাথে ক্লাব প্রতিনিধিরা গত বিশ মাস ধরে কম কাদা ছোঁড়াছুঁড়ি করেনি। তবে এতদিন পর মনে হচ্ছে যে বাফুফের সাথে তারা একটি সমঝোতায় পৌছতে পেরেছে। বঙ্গবন্ধু স্টেডিয়ামের সার্বিক অবস্থা পর্যবেক্ষনে একটি পর্যবেক্ষক দল গঠনের ব্যাপারে বাফুফের প্রস্তাব গ্রহন করেছে ক্লাব প্রতিনিধিরা। আর এই পর্যবেক্ষক দল গঠনের জন্য অবশেষে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ১২ টি ক্লাবের প্রতিনিধিদের সাথে মঙ্গলবার আলোচনায় বসতে যাচ্ছে। আলোচনাকালে ক্লাবগুলো আসলেই পেশাদার লীগে অংশ নিতে ইচ্ছুক কিনা সে সম্পর্কেও ক্লাবগুলোকে প্রশ্ন করবে বাফুফে।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সার্বিক অবস্থা পর্যবেক্ষণের জন্য বাফুফে এবার তাদের নিজস্ব প্রতিনিধিসহ ক্লাব প্রতিনিধি, জাতীয় ক্রীড়া পরিষদ প্রতিনিধি, ফুটবলার এবং ক্রীড়া সাংবাদিকদের সমন্বয়ে একটি সম্মিলিত পর্যবেক্ষক দল গঠনের উদ্যোগ নিয়েছে। এই পর্যবেক্ষক কমিটি গঠিত হওয়ার পর এক সপ্তাহের মধ্যে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের মাঠ প্রস্তুতির ওপর বাফুফের কাছে তাদের সুপারিশ পেশ করবে এবং এই সুপারিশের ভিত্তিতেই বাফুফে পেশাদার লীগ অনুষ্ঠানের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে।

প্রসঙ্গত, বাফুফে গত ১০ সেপ্টেম্বর ক্লাবগুলোর সাথে কোনো সমঝোতায় না এসেই একক সিদ্ধান্তের ভিত্তিতে পহেলা অক্টোবর পেশাদার লীগের দলবদলের নতুন তারিখ ঘোষণা করে। এরপর ১২ সেপ্টেম্বর ক্লাবগুলো এক সংবাদ সম্মেলনের মাধ্যমে দলবদলের নতুন সময়সীমা প্রত্যাখ্যান করে এবং বাফুফেকে এই দলবদলের তারিখ প্রত্যাহারের জন্য ১৫  সেপ্টেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দেয়। এই সিদ্ধান্ত মেনে না নিলে ক্লাবগুলো বাফুফের বর্তমান কমিটির অধীনে কোন লীগে অংশ নেবে না বলেও জানিয়ে দেয়।

এই অচলায়তনে সবচেয়ে বেশী দূর্ভোগে পড়া ফুটবলাররা এবারো সমস্যা সমাধানে এগিয়ে এসেছে। শনিবার ফুটবলাররা বাফুফে এবং ক্লাব প্রতিনিধিদের সাথে আলাদাভাবে আলোচনা করে জাতীয় ফুটবলের স্বার্থে বিষয়টির একটি আশু সমাধানের জন্য উভয় পক্ষকে আহবান জানিয়েছে।