প্রিমিয়ারশিপ পয়েন্ট তালিকার শীর্ষে পোর্টসমাউথ
বদলী খেলোয়ার লোমানা লুয়া লুয়ার একমাত্র গোলে চার্লটনকে হারিয়ে ইংলিশ প্রিমিয়ারশিপ পয়েন্ট তালিকার শীর্ষ স্থান দখল করেছে পোর্টসমাউথ।
এই জয়ের মধ্য দিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডকে পিছনে ফেলে দিল তারা। তবে ম্যান ইউ যদি প্রিমিয়ারশিপ পয়েন্ট তালিকার শীর্ষ স্থান পুনর্দখল করতে চায় তাহলে রোববার ওল্ড ট্র্যাফোর্ডে আর্সেনালের বিরুদ্ধে তাদের অবশ্যই জিততে হবে।
পাঁচ ম্যাচে অংশ নিয়ে পোর্টসমাউথের বর্তমান সংগ্রহ ১৩ পয়েন্ট। চার ম্যাচ থেকে ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ম্যানচেস্টার ইউনাইটেড এবং পাঁচ ম্যাচ থেকে ১১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে এভারটন।
দিনের অপর ম্যাচে রিডিং ২ - ১ গোলে শেফিল্ড ইউনাইটেডকে পরাজিত করেছে। তবে অ্যাস্টন ভিলা-ওয়াটফোর্ড ম্যাচটি গোল শূণ্য ড্র হয়েছে। নিজেদের মাটিতে বোল্টন ওয়ানডারারস গোল শূণ্য ড্র করেছে মিডলসবার্গের বিরুদ্ধে।
এ মৌসুমে পোর্টসমাউথ পাঁচটি ম্যাচে অংশ নিয়ে চারটিতে জয় পেয়েছে এবং ড্র করেছে একটি। প্রতিপক্ষের একটি গোলও পোম্পির জালে এখনো প্রবেশ করেনি।
৬৪ মিনিটের মাথায় বেনজানির বদলে খেলতে নামেন ম্যাচ জয়ের নায়ক লুয়া লুয়া। দ্বিতীয়ার্ধের ৭৪ মিনিটে ২৫ মিটার দূর থেকে লুয়া লুয়া ডান পায়ের মাপা শট থেকে গোল করেন।
শেফিল্ড ইউনাইটেডকে ২ - ১ গোলে পরাজিত করার মাধ্যমে ইংল্যান্ডের ঘরোয়া ফুটবল আসর প্রিমিয়ারশিপের তৃতীয় ম্যাচে জয় পেয়েছে রিডিং। রিডিংয়ের পক্ষে গোল দু’টি করেন কেভিন ডয়েল এবং সেওলকি।
রোববার ওল্ড ট্র্যাফোর্ডে মুখোমুখি হবে দুই ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড এবং আর্সেনাল। অপরদিকে নিজেদের মাটিতে লিভারপুল মোকাবেলা করবে বর্তমান শিরোপা জয়ী চেলসির।
