আবারো ইনজুরিতে পড়লেন মাশরাফি
ইনজুরির সাথে যেন সখ্যতাই গড়েছেন বাংলাদেশের বোলিং আক্রমণের অন্যতম প্রধান হাতিয়ার মাশরাফি বিন মুর্তজা। দুই হাঁটুতে অস্ত্রপ্রচারের মতো বড় ধাক্কা সামলাতে হলো। তারপরও ছোটখাটো ইনজুরি তার পিছু ছাড়ছে না। শুক্রবার বাসার সিঁড়ি থেকে পিছলে পড়ে ডান পায়ের গোড়ালীতে আঘাত পেয়েছেন তিনি।
বাংলাদেশ ক্রিকেট দলের ফিজিও পল ক্লোজ ইনজুরি পরীক্ষা করে জানালেন, ডান পায়ের গোড়ালীতে বেশ ভালোই আঘাত পেয়েছেন মাশরাফি। পুরোপুরি সুস্থ হতে তার সাত থেকে দশদিন সময় লাগবে বলে মনে করছেন পল।
প্র্যাকটিস সেশনে মাশরাফিকে বল করতে নিষেধ করে পল জানান, ইনজুরির কারণে মাশরাফির অনুশীলন স্বাভাবিকভাবেই ব্যাহত হবে।
মাশরাফি আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির কোয়ালিফাইং রাউন্ডে খেলতে পারবেন কিনা সে সম্পর্কে ফিজিও পরিষ্কারভাবে কিছু জানাননি। তবে তার আগেই মাশরাফির ফিটনেস নিয়ে আশাবাদী পল জানালেন, আমরা তার আশু সুস্থতার বিষয়ে পুরো নজর রাখছি।
