২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেলটিককে হারালেও গিগসের ইনজুরিতে বিপদে ম্যান ইউ

চ্যাম্পিয়নস লীগে ৩--২ গোলে সেলটিককে হারিয়েও খুব একটা খুশী হতে পারেনি ম্যানচেস্টার ইউনাইটেড। কারণ হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন উইঙ্গার রায়ান গিগস।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2006, 07:00 PM

Updated : 26 Apr 2022, 03:55 PM

অন্ততপক্ষে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে ম্যান ইউর এই তারকা ফুটবলারকে। আর তার অনুপস্থিতির মাশুল দলকে ভালোভাবেই গুনতে হতে পারে বলে মনে করছেন সমর্থকরা।

সেলটিকের গোলরক্ষক আর্টার বোরুক ম্যান ইউর একটি আক্রমণ রুখতে গিয়ে ফাউল করে বসেন রায়ান গিগসকে। এসময়েই হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন তিনি। অবশ্য এই ফাউলের সুবাদে রেফারী ম্যান ইউর পক্ষে পেনাল্টি দেন। এই সুযোগকে কাজে লাগিয়ে স্ট্রাইকার লুইস শাহ দলকে ৩--২ গোলের  জয় এনে দিতে সাহায্য করেন।

রায়ানের এই ইনজুরিতে ম্যান ইউর প্রধান স্যার অ্যালেক্স ফার্গুসন বেশ কষ্টই পেয়েছেন। রায়ান এবং ম্যান ইউ উভয়ের জন্য এই ইনজুরিকে তিনি ‘দুর্ভাগ্যজনক’ বলে মনে করছেন। কেননা ইনজুরিতে পড়া দলের অপর ফুটবলার পার্ক জি সাংয়ের গোড়ালির অস্ত্রোপচার শেষে মাঠে ফিরতে আরো তিন মাস সময় লেগে যাবে। তাই ফর্মে থাকা এই দুই ফুটবলারকে মাঠের বাইরে রেখে একটু অন্যভাবেই মাঠ সাজানোর কথা ভাবতে হচ্ছে ফার্গুসনকে।

তবে সেলটিকের বিরুদ্ধে এই খেলায় ফার্গুসনের খুশী হওয়ার মতো কারণও ঘটেছে। দলের মহামূল্যবান স্ট্রাইকার ওলে গানার সলক্সজের পুরোপুরি ফিট হলে দলে ফিরেছেন। দলে ফিরেই যথারীতি জয়সূচকগোলও করেছেন তিনি। তাই গানারের প্রশংসায় পঞ্চমুখই রইলেন ফার্গুসন। বললেন, ‘দলের অপরিহার্য একজন ফুটবলার গানার। তাকে ৪৫ মিনিটের জন্য মাঠে নামালেই দলের জন্য নিশ্চিত গোল উপহার দেবে সে। মনে রাখতে হবে এই খেলার জয়সূচক গোলটি কিন্তু গানারের পা থেকেই এসেছে। ফুটবলের যে বিষয়ে গানার সবচেয়ে ওস্তাদ সেটি হলো পেনাল্টি বক্সের কাছ থেকে বলকে সবচেয়ে মোক্ষমভাবে ব্যবহার করা। বক্সের কোথায় বলটি আসছে এটা তার আগে কেউই ধরতে পারে না। একজন ফুটবলার হিসেবে এটা গানারের একটা বড় যোগ্যতা। গানারের তেমনই এক গোলে কিন্তু কেলটিককে পরাজিত করেছি আমরা।’

ম্যান ইউর বিরুদ্ধে সেলটিকের পজিটিভ ফুটবলকে দারুনভাবে নিলেও ফার্গুসন কিন্তু মনে করছেন আরো কয়েক গোলের ব্যবধানে তার দলের জয় পাওয়া উচিত ছিল। কাঙ্খিত সংখ্যক গোল না পেয়ে তিনি বলেন, ‘আমরা আরো কয়েকটি গোল করতে পারতাম, তবে সেলটিকের পজিটিভ ফুটবলকে প্রশংসা না করে পারছি না। তারা আমাদের অনেক সাজানো আক্রমণ রুখে দিয়েছে’।

নিজ দলের প্রশংসা করলেও খেলার শুরুতে দলীয় ফুটবলারদের মধ্যে মনোযোগের অভাব রয়েছে বলে মনে করছেন ফার্গুসন। আর এ কারণেই গোল পাওয়ার আগেই গোল হজম করতে হয়েছে ম্যান ইউকে। তবে এরপরই মরিয়া হয়ে ওঠে ম্যান ইউর ফরোয়ার্ডরা। আর তারই ফলাফল এই স্মরণীয় জয়।

ম্যান ইউর অপর তারকা ফুটবলার ওয়েন রুনি বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামলেও স্বাচ্ছন্দে খেলতে পারেননি। এবারের লীগে এটা ছিল রুনির তৃতীয় ম্যাচ। এর আগে পোর্টো আর পোর্টসমাউথের বিরুদ্ধে মাঠে নেমেছেন তিনি। তবে এই তিনটি ম্যাচ তার জন্য যথেষ্ট নয় বলে মনে করছেন ম্যান ইউ প্রধান। সামনের ম্যাচগুলোতে রুনিকে মাঠে নামানোর ইঙ্গিত দিয়ে ফার্গুসন মন্তব্য করলেন, নিজস্বতায় ফিরতে রুনিকে আরো ফুটবল খেলতে হবে।