২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম আন্তঃজেলা প্রমীলা ফুটবল শুরু হচ্ছে বৃহস্পতিবার

পেশাদার ফুটবল লীগ নিয়ে অনিশ্চয়তা থাকলেও ফুটবল কিন্তু থেমে নেই। পুরুষদের পেশাদার ফুটবল মাঠে না গড়ালেও প্রমীলা ফুটবল মাঠে ঠিকই গড়াচ্ছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2006, 09:23 PM

Updated : 26 Apr 2022, 03:55 PM

বৃহস্পতিবার থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশে প্রথমবারের মতো আন্তঃজেলা প্রমীলা ফুটবল। ধানমন্ডির মহিলা কমপ্লেক্সে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার (বিডাব্লিউএসএ) আয়োজনে আটটি জেলা এতে অংশগ্রহণ করছে। 

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাকক্ষে বুধবার এক সংবাদ সম্মেলনে বিডাব্লিউএসএ প্রেসিডেন্ট কে জে হামিদা খানম এই প্রতিযোগিতার কথা ঘোষণা করেন।

এসময়ে বিডাব্লিউএসএ এর দুই ভাইস প্রেসিডেন্ট জিনাত আহমেদ এবং লুৎফুন্নেসা হক বকুল এবং সাধারণ সম্পাদক কামরুন নাহার ডানা উপস্থিত ছিলেন।

হামিদা খানম বলেন, ‘প্রমীলা ফুটবল বাংলাদেশের জন্য একটি নতুন প্রচেষ্টা হলেও সকলের সার্বিক সহযোগিতায় আশা করি আমরা এই টুর্নামেন্ট সফলভাবে শেষ করতে পারবো’।

কামরুন নাহার ডানা তার বক্তব্যে বলেন, টুর্নামেন্টের আগে অংশগ্রহণকারী দলগুলোকে মহিলা ক্রীড়া সংস্থা তেমন কোনো সুযোগ - সুবিধা দিতে না পারলেও মহিলা সংস্থা খুশী এ কারণে যে  আটটি দলই টুর্নামেন্টে অংশ নিচ্ছে এবং শেষপর্যন্ত খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

তিনি আরো বলেন, ২০০৪ সালে ধর্মান্ধ মেলৈবাদীদের বিরোধিতার কারণে সেবছর প্রমীলা ফুটবল অনুষ্ঠিত হতে পারেনি। তাই এবারের প্রতিযোগিতা সফল করার জন্য ঢাকার পুলিশ কমিশনারের কাছে কড়া নিরাপত্তা প্রদানের জন্য আবেদন করা হয়েছে।

অংশ নেয়া আটটি জেলা হচ্ছে ঢাকা, নারায়ণগঞ্জ, রাজশাহী, গাইবান্ধা, শরীয়তপুর, বান্দরবন, খাগড়াছড়ি এবং রাঙ্গামাটি জেলাকে দুটি গ্র“পে ভাগ করে লীগ পদ্ধতিতে খেলা চালানো হবে। এই দুই গ্র“প থেকে শীর্ষ চারটি দল সেমিফাইনালে খেলবে। প্রতিটি খেলার পূর্ণ সময় হবে ৬০ মিনিট। প্রথমার্ধের পর ১০ মিনিটের বিরতি থাকবে।

ডানা আরো বলেন, এই প্রতিযোগিতা থেকে মোট ৩০ জন প্রমীলা ফুটবলারকে বেছে নিয়ে তাদেরকে মহিলা কমপ্লেক্সে দুই মাসের জন্য নিবিড়ভাবে  ফুটবল প্রশিক্ষণ দেওয়া হবে।

বাংলাদেশে ১৯৭৭ সালে ভিরারুননিসা স্কুল প্রথমবারের মতো স্কুল ছাত্রী ফুটবল প্রতিযোগিতা আয়োজনের মধ্য দিয়ে দেশে প্রমীলা ফুটবলের যাত্রা শুরু করে। তবে পরের বছর থেকে এই প্রমীলা ফুটবল বন্ধ হয়ে যায়। পরবর্তীতে ২০০৪ সালে বাফুফে এই প্রমীলা ফুটবল চালু করার চেষ্টা করলেও মৌলবাদী ধর্মান্ধদের হুমকির মুখে পিছু হটতে বাধ্য হয়।

তবে বাংলাদেশ ইতিমধ্যেই বিদেশের মাটিতে দুটি প্রমীলা ফুটবল টুর্নামেন্টে অংশ নিয়েছে। ২০০৫ সালে জাপানে অনুষ্ঠিত এশিয়ান ফুটবল কনফেডারেশন কাপ অনূর্ধ্ব -১৭ প্রমীলা ফুটবল আসরে  এবং  ২০০৬ সালে ভারতে এশিয়ান ফুটবল কনফেডারেশন কাপ অনূর্ধ্ব -১৯ প্রমীলা ফুটবলে বাংলাদেশ অংশ নেয়।