২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিদান ও মাতেরাজ্জির মধ্যকার তিক্ত সম্পর্কের ইতি টানতে এগিয়ে এসেছে ফিফা

এবারের বিশ্বকাপ ফুটবল আসরের ফাইনাল ম্যাচে ফ্রান্সের কিংবদন্তী ফুটবলার জিনেদান জিদান এবং ইতালির ফুটবলার মার্কো মাতেরাজ্জির মধ্যে ঘটে যাওয়া হেড - বাট - এর ঘটনায় প্রথমে মনে করা হয়েছিল ঘটনার নায়ক জিদান বুঝিবা চিরনিন্দিতই থেকে যাবেন। কিন্তু ঘটনা মোটেই সেদিকে গড়ায়নি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2006, 09:40 PM

Updated : 26 Apr 2022, 03:55 PM

মাতেরাজ্জির কটু মন্তব্যের প্রতিবাদ জানিয়ে ফরাসিদের চোখে আরো বড় হিরোতে পরিণত হয়েছেন সবার প্রিয় জিজু। এই ঘটনায় স্বাভাবিকভাবেই দুজনের মধ্যে সুসম্পর্ক তো নয়ই বরং বৈরী সম্পর্ক বিরাজ করছিল। যা কিনা মেনে নিতে কষ্ট হচ্ছিল ফুটবলের সর্ব্বোচ্চ সংস্থা আন্তর্জাতিক ফুটবল পরিচালনা পর্ষদের (ফিফা)।

দুজনকেই শাস্তি দেয়ার পর এবার ফিফা চাইছে তারা যেন সকল রাগ ও ক্ষোভ ভুলে শান্তিপূর্ণ সহাবস্থান করেন। এই লক্ষ্যে সংস্থাটি কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন ফিফা প্রেসিডেন্ট সেপ ব্লাটার। জার্মানিতে অনুষ্ঠিত ১৮তম ফিফা বিশ্বকাপের ওপর দুদিনের মূল্যায়ন শীর্ষক এক সম্মেলনে ফিফা প্রধান বলেন, ‘আমরা  জিদান ও মাতেরাজ্জিকে আরো কাছে আনার বিষয়ে নিশ্চিতভাবেই  কাজ করে যাচ্ছি’।

ফিফা এই দুই ফুটবলারের মধ্যকার তিক্ত সম্পর্কের অবসান ঘটাতে ইতোমধ্যে একটি মজার প্রস্তাবও করেছে। জিদান ও মাতেরাজ্জিকে দক্ষিণ আফ্রিকার রবেন দ্বীপে মিলিত হবার জন্য আহবান জানিয়ে ফিফা আশা প্রকাশ করে বলেছে, দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট নেলসন মেন্ডেলাসহ আরো অনেক রাজবন্দীর স্মৃতিবিজড়িত এই দ্বীপে জিদান ও মাতেরাজ্জি তাদের তিক্ত সম্পর্ক ভুলে যেতে সক্ষম হবেন।

এবারের ফাইনালের অতিরিক্ত সময়ের প্রায় শেষ দিকে জিদান মাতেরাজ্জির আচরণে ক্ষিপ্ত হয়ে তাকে মাথা দিয়ে আঘাত করে মাঠের মধ্যে ফেলে দেন। এই ঘটনায় আর্জেন্টাইন রেফারি হোরাসিও এলিজন্দো তাকে লাল কার্ড দিয়ে মাঠে থেকে বের করে দেয়। এরপরই শিরোপার লড়াইয়ে ফ্রান্স টাইব্রেকারে ইতালির কাছে হেরে যায়।

এই ফাইনলের অনেক আগেই কিন্তু জিদান তার অবসরের ঘোষণা করেছিলেন। প্রকৃতপক্ষে অবসর নিয়ে ফেলার পরই অবসর ভেঙ্গে আবারো ফ্রান্সের হয়ে বিশ্বকাপে মাঠে নামেন এই তারকা ফুটবলার। তার অনবদ্য ফুটবল নৈপূণ্যেই কোয়ার্টার ফাইনালে ফেবারিট ব্রাজিল এবং সেমিফাইনালে পর্তুগালকে হারিয়ে আসরের ফাইনালে ওঠে ফ্রান্স। বিশ্বকাপ জয় করতে না পারলেও ফাইনালে জিদানের মতো একজন কিংবদন্তী ফুটবলারের এমন তিক্ত বিদায় কেউই আশা করেননি।

এদিকে আজ্জুরি ডিফেন্ডার মাতেরাজ্জি এতদিন ধরে অস্বীকার করে এলেও শেষপর্যন্ত এই সপ্তাহের শুরুতে স্বীকার করেছেন যে, ফাইনাল খেলায় জিদানকে তিনি উত্যক্ত করেছিলেন। জিদানের শার্ট ধরে টানাটানির একপর্যায়ে জিদান মাতেরাজ্জিকে শার্টটি খেলা শেষে দেবার কথা বলেন। এতেও শান্ত না হয়ে মাতেরাজ্জি বলেন, ‘ তার চেয়ে তোমার বোনকে পেলেই আমি বেশী খুশী হবো।’ আর এই কথাটি জিদান মাঠের মধ্যে কিছুতেই মেনে নিতে পারেননি। আসলে এটি মেনে নিতে পারার মতো কোনো কথাও নয়।

মজার ব্যাপার, এতকিছুর পরও নিজেকে নির্দোষ দাবী করছেন মাতেরাজ্জি। জিাদানই নাকি তাকে রাগত স্বরে খেলার শেষে শার্টটি উপহার দেবার কথা বলেন। আর তার পরিণামে মাতেরাজ্জি এমন অশালীন কথা বলে বসবেন এবং নিজেকে নির্দোষ দাবী করবেন! ফিফা তাকে শাস্তি কম দিলেও ফরাসিরা কিন্তু মাঠের মধ্যে জিদানের এই আচরণে বেশ খুশী। ফরাসীদের চোখে এখন জিদান এক জাতীয় বীর। ফুটবলার হিসেবে এতদিন জাতীয় বীরতো তিনি ছিলেনই, এবার মাঠের মধ্যে প্রতিবাদ জানিয়ে অন্যরকম বীরের ভূমিকায় অবতীর্ণ হলেন। বিশ্বকাপ জিততে না পারলেও মাতেরাজ্জির অশালীন ও কটু মন্তব্যের প্রতিবাদ জানিয়ে মুখ রক্ষা করলেন ফরাসি জাতির।

বিশ্বকাপ শেষ হয়েছে আজ দুই মাস। এতদিন পরে হলেও শেষপর্যন্ত মাতেরাজ্জি বিষয়টি নিয়ে জিদানের সাথে একধরনের আপোসে আসতে চান। অন্যদিকে জিদান এই ঘটনাকে পুনরায় মনে করার চেষ্টা না করেই বলেন, ‘এটা এখন অতীত হয়ে গেছে আর তিক্ত অতীত নিয়ে আমি ভাবতে রাজী নই’। বিশ্বকাপ না পাবার বেদনা এখনো স্বপ্নের মধ্যে তাকে তাড়া করলেও বিষয়টি নিয়ে নতুন করে ভাবতে রাজী নন জিদান। কিন্তু জিদান ভালোমতোই জানেন এঘটনা ভুলে যাওয়া মোটেই সম্ভব নয়। বিশ্বকাপ না পাবার বেদনা এবং সেই সাথে জীবনের শেষ ম্যাচে এহেন প্রাপ্তির কথা কে ভুলতে পারে! সম্ভবত কথাটি মাথায় রেখেই জিদান বলেন, ‘আমাদের প্রত্যেকের জীবনে এমন কিছু ঘটনা থাকবেই যাতে আমাদের কোনো হাত থাকে না। বিষয়টি সেরকম একটি ঘটনা মাত্র এবং আমাদের এই বিষয়টি মেনে নিয়েই থাকতে হবে’।

ফাইনালে মাতেরাজ্জিকে আঘাত করার জন্য জিদানকে ফিফা তিনটি ম্যাচের জন্য সাসপেন্ড এবং ৬ হাজার ডলার জরিমানা করে। ফাইনালেই অবসর নিয়ে ফেলা জিদানের কোনো ম্যাচ খেলার সম্ভাবনা না থাকলেও শাস্তির হাত থেকে রেহাই পাননি তিনি। তার জন্য তিনদিনের কম্যুনিটি ওয়ার্ক বাধ্যতামূলক করা হয়। অপরদিকে মাতেরাজ্জিকে দুটি আন্তর্জাতিক ম্যাচ এবং ৪ হাজার ডলার জরিমানা করে ফিফা। 

জিদান এবং মাতেরাজ্জির মধ্যেকার দূরত্ব কমানোর চেষ্টায়রত ফিফা বস সেপ ব্লাটার কিন্তু এসবের মধ্যেই আরেকটি কথা জানিয়ে দিয়েছেন। আর তা হলো, এবারের বিশ্বকাপ ফাইনালে টাইব্রেকারে জয় নির্ধারণ হওয়ায় মোটেই খুশী হতে পারেননি তিনি। তবে এই মূহুর্তে বিকল্প কোনো পথ না থাকায় বিষয়টি মেনে নিলেও ব্লাটার কিন্তু বিকল্প পথ বের করার জন্য ফিফাকে চিন্তা করতে বলেছেন। ব্লাটার বলেন, ‘এবারের ফাইনালে টাইব্রেকার ছাড়া আসলে কোনো উপায়ও ছিলনা। তবে এর বিকল্প পথ খুঁজে দেখছি আমরা, কেননা টাইব্রেকারের ফলে ফুটবলের স্পিরিট  অনেকখানিই নষ্ট হয়ে যায়। এটা অনেকটা একজনের বিরুদ্ধে একজনে হাতাহাতির মতোই’।

তবে এবারের বিশ্বকাপের সার্থক আয়োজনে বেশ খুশী হয়েছেন ব্লাটার।

ব্লাটার মনে করেন, বিশ্বকাপের কারণেই একমাস ধরে বিশ্বব্যাপী মানুষ আনন্দে আর আকাংখার মধ্যে দিয়ে দিনযাপন করেছে। এটা একট বিশাল ব্যাপার। এই একমাসে তিন হাজার কোটি দর্শক টেলিভিশনে বিশ্বকাপের খেলাগুলো উপভোগ করেছে। এটি ফিফার জন্য একটি বড় পাওয়া বলেই মনে করেন ব্লাটার।