ক্লাবগুলো ফুটবলারদের দলবদল বয়কট করেছে
আবারো অনিশ্চয়তার মুখে পড়েছে পেশাদার ফুটবল লীগের দলবদল। দেশের প্রথম পেশাদার লীগে অংশ নিতে যাওয়া ক্লাবগুলো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্ধারিত পহেলা অক্টোবরের দলবদল বয়কট করেছে।
মঙ্গলবার আরামবাগ ক্রীড়া সংস্থায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে ক্লাবগুলো তাদের এই সিদ্ধান্তের কথা জানায়।
সংবাদ সম্মেলনে আবাহনী লিমিটেড, মোহামেডান স্পোর্টিং ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া সংস্থাসহ নয়টি ক্লাবের প্রতিনিধিদের উপস্থিতিতে পেশাদার ফুটবল লীগের বারোটি ক্লাবের সমন্ময়ক ও মোহোমেডান স্পোর্টিং ক্লাবের অতিরিক্ত সাধারণ সম্পাদক মোস্তাকুর রহমান তার লিখিত বক্তব্যে জানান, ক্লাবগুলোর সাথে কোনো প্রকার সমঝোতা ছাড়াই বাফুফে পহেলা অক্টোবর দলবদলের দিন নির্ধারণ করেছে। সুতরাং ক্লাবগুলো এই হঠকারিতামূলক সিদ্ধান্তের প্রতিবাদে দলবদল বয়কট করছে।
তিনি আরো বলেন, ক্লাবগুলো বাফুফের কাছে ১৫ সেপ্টেম্বরের মধ্যে দলবদলের এই তারিখ পরিবর্তনের কথা জানিয়ে দিয়ে বলেছে, বাফুফে যদি ক্লাবগুলোর এই প্রস্তাব মেনে না নেয় তাহলে এবারের কমিটির অধীনে পেশাদার লীগে কোনো ক্লাবই অংশ নেবে না।
মোস্তাকুর রহমান আরো বলেন, প্রতিটি ক্লাব দলবদলের জন্য পুরোপুরি প্রস্তুত থাকলেও লীগ অনুষ্ঠানের জন্য বঙ্গবন্ধু স্টেডিয়ামের মাঠ নিশ্চিত না করা পর্যন্ত তারা দলবদলে অংশ নেবে না।
এর আগে রোববার বাংলাদেশ ফুটবল ফেডারেশন তাদের এক মিটিংয়ে ফুটবল ক্লাবগুলোর সাথে কোনো সমঝোতায় আসতে না পারলেও এবারের পেশাদার লীগের দলবদলের জন্য পহেলা অক্টোবর নতুন তারিখ ঘোষণা করে।
