বাফুফের দলবদলের নতুন তারিখ ঘোষণা, ক্লাবের প্রত্যাখ্যান
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) তাদের মিটিংয়ে ফুটবল ক্লাবগুলোর সাথে কোনো সমঝোতায় আসতে না পারলেও রোববার এবারের পেশাদার লীগের দলবদলের জন্য ১ অক্টোবর নতুন তারিখ ঘোষণা করেছে। তবে ফুটবল ক্লাবগুলো এই দলবদলের তারিখের সিদ্ধান্তটি প্রত্যাখ্যান করে বলেছে, তারা এই তারিখে দলবদলে অংশ নেবে না।
এবিষয়ে মোহামেডান স্পোর্টিং ক্লাবের অতিরিক্ত সচিব এবং ১২টি ক্লাবের সমন্বয়ক মোস্তাকুর রহমান বলেন, ‘ক্লাবগুলোর সাখে কোনো সমঝোতায় না এসেই দলবদলের বিষয়ে বাফুফে একক সিদ্ধান্ত গ্রহণ করেছে। আমরা এমন হঠকারী সিদ্ধান্ত স্বাভাবিকভাবেই মেনে নেব না’।
বাফুফের এই মিটিংয়ে নভেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে লীগ শুরু করার সিদ্ধান্ত নেয়া হয়। তবে ক্লাবগুলোর সহযোগিতা পেলে ৭ নভেম্বর লীগ শুরু করে বিশ্বখ্যাত ফুটবলার জিনেদিনে জিদানের উপস্থিতিতে একটি প্রীতি ম্যাচের আয়োজন করতে ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে বাফুফে।
