মেহরাবের জীবনে স্মরণীয় হয়েই থাকবে ৭ সেপ্টেম্বর
জাতীয় দলের ক্রিকেট তারকা মেহরাব হোসেনের কাছে ৭ সেপ্টেম্বর একটি স্মরণীয় দিন।
না, এটা তার জন্মদিন নয়। তবু অখ্যাত এই দিনটিই তার কাছে চিরস্মরনীয়। কারণ, এই দিনই তিনি প্রথমবারের মতো জাতীয় দলের চূড়ান্ত তালিকায় জায়গা করে নিয়েছিলেন। তাও আবার জাতীয় দলের নিয়মিত ওপেনার জাভেদ ওমরের পরিবর্তে ঠাঁই পাওয়া। স্মরণীয় তো হতেই হবে।
বাংলাদেশ ক্রিকেট দলের ‘শেষ চৌদ্দ’তে জায়গা করে নিতে পেরে আনন্দে আপ্লুত ক্রিকেট প্রতিভা মেহরাব হোসেন জুনিয়র প্রথমেই তার মরহুম বাবার কথা স্মরণে আনলেন। এই এপ্রিলেই বাবাকে হারিয়েছেন তিনি।
স্বর্গীয় বাবার স্মৃতিচারণ করে বললেন, ‘বাবাই ছিলেন আমার ক্রিকেটের সকল অনুপ্রেরনা। আজ বাবা নেই, তবু এখনো তিনি আমাকে প্রেরণা যোগান এবং ভবিষ্যতেও যোগাবেন’।
শুধু দলে স্থানই নয়, বাংলাদেশের ইনিংস সূচনা করার গুরুদায়িত্ব পেয়ে গেছেন মেহরাব।
তবে আসন্ন আইসিসি ট্রফিতে অন্য ওপেনার নাফিসের সাথে দেশের ইনিংস সূচনা করার গুরুদায়িত্ব পেয়ে মোটেই ভীত নন তিনি। বরং প্রথমবারের নির্বাচনেই তাকে যে এমন একটি দায়িত্ব দেয়া হচ্ছে তাতেই তিনি ভীষন খুশী।
নতুন বল যে তার জন্য কোনো সমস্যাই নয় সেটি উল্লেখ করে মেহরাব জানালেন, শক্তিশালী পাকিস্তান, জিম্বাবুয়ে এবং শ্রীলংকা ‘এ’ দলের বিরুদ্ধে ইনিংস শুরু করার অভিজ্ঞতা তার রয়েছে। ইনিংস সূচনা না করতে পারলেও কোনো কষ্ট নেই তার। দলের প্রয়োজনে যে কোনো পজিশনে খেলতে প্রস্তুত।
বাঁ-হাতি ব্যাটসম্যান মেহরাব স্কুল পর্যায়ের খেলায় ৫টি সেঞ্চুরি করে প্রথমবাবের মতো ক্রিকেটাঙ্গনের নজর কাড়েন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। দেশের হয়ে একের পর এক অনেকগুলো প্রথম শ্রেনীর ক্রিকেটে ইতোমধ্যেই তিনি অংশ নিয়েছেন।
এ পর্যন্ত ২০টি প্রথম শ্রেনীর ম্যাচে তার সংগ্রহ খুবই ঈর্ষণীয়, এক হাজার ৮৫ রান। এর মধ্যে রয়েছে চারটি শতক এবং তিনটি অর্ধশতকের ইনিংস। এছাড়া ১৮টি ‘এ’ ক্লাস ম্যাচে মেহরাবের সংগ্রহ ৫৫৭ রান।
মেহরাব এখন আর কোন অনভিজ্ঞ ক্রিকেটার নন। তাই এটা খুব ভালো করেই জানেন, ভাল পারফর্ম না করলে জাতীয় দলে স্থায়ীভাবে জায়গা পাওয়াটা মোটেই সহজ হবে না। এর জন্য কঠোর পরিশ্রম করতে হবে তাকে।
সেই কঠোর পরিশ্রম আর দেশকে ভালো ক্রিকেট উপহার দেয়ার প্রত্যয় নিয়েই বৃহস্পতিবার থেকে জাতীয় ক্রিকেট দলে অনুশীলন ক্যাম্পে যোগ দিয়েছেন প্রতিভাবান এই তরুণ ক্রিকেটার।
