আইসিসি ট্রফির জন্য দলে ফিরলেন হাবিবুল রাশার, নতুন মুখ মেহরাব
সন্দেহটা ছিল ইনজুরিতে পড়া বাশারকে নিয়েই। ৩০ জুলাই জিম্বাবুয়ের বিরুদ্ধে খেলতে গিয়ে বুড়ো আঙ্গুলে আঘাত পান তিনি। এ কারণে ছয় সপ্তাহের জন্য মাঠ ছাড়তে হয় তাকে।
১৪ সেপ্টেম্বর পর্যন্ত ব্যাট ধরা একদম মানা করে দেন চিকিৎসকরা। এরপরও বাংলাদেশ দলে নিজের অপরিহার্যতা প্রমাণ করেই আসন্ন আইসিসি ট্রফির জন্য নির্বাচিত চূড়ান্ত দলে ঠিকই জায়গা করে নিয়েছেন ৩৪ বছর বয়সী হাবিবুল বাশার।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক ফারুক আহমেদ কোচ ডেভ হোয়াটমোরের উপস্থিতিতে বৃহস্পতিবার মিরপুর ইনডোর ক্রিকেট কমপ্লেক্সে এক প্রেস কনফারেন্সে ১৪ জনের যে চূড়ান্ত দল ঘোষণা করলেন তাতে বাশারের নামটিই সবার আগে এসেছে। আর এসেছে নতুন মুখ মেহরাব হোসেন জুনিয়রের নামও।
তবে ওপেনার জাভেদ ওমর, অল-রাউন্ডার তুষার ইমরান, অলোক কাপালি, এবং মুশফিকুর রহিম চূড়ান্ত দলে জায়গা করে নিতে পারেননি।
কিন্তু বাশারকে নিয়ে নির্বাচকদের শঙ্কা এখেনো পুরোপুরি কাটেনি। ফারুক বলেন, ‘যদিও আমরা এখনো অনিশ্চিত যে বাশার এবারের আাইসিসি ট্রফিতে অংশ নিতে পারছেন কিনা, তবে আমরা আশা করছি টুর্নামেন্ট শুরু হবার আগেই এক মাসের মধ্যে বাশার পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন’।
মেহরাব হোসেন জুনিয়রের জাতীয় দলে অন্তর্ভুক্তির বিষয়ে ফারুক বলেন, বাংলাদেশ দলে প্রতিভাবান তরুণ ক্রিকেটারদের জায়গা করে দিতে এধরনের উদ্যোগ নেয়া হয়েছে। এক্ষেত্রে প্রতিটি নতুন ক্রিকেটারের দুই বছরের পারফরমেন্স বিবেচনা করে তবেই তাকে দলে নেয়া হয় বলে ফারুক উল্লেখ করেন।
এদিকে বাংলাদেশ দলের নিয়মিত ওপেনার জাভেদ ওমর দলে জায়গা করে নিতে না পারায় বাঁ - হাতি ব্যাটসম্যান মেহরাব দেশের হয়ে ইনিংস সূচনার গুরুদায়িত্ব পেতে পারেন। অপর বাঁ - হাতি ওপেনার ও সহ - অধিনায়ক শাহরিয়ার নাফিসের সাথে মেহরাব জুটিই এবারের আসিসি ট্রফিতে দেশের ইনিংসের সূচনা করতে যাচ্ছেন বলে মনে করা হচ্ছে।
নতুন মুখ হলেও ফারুকের অবশ্য মেহরাবকে দিয়ে ওপেন করাতে কোনো আপত্তি নেই। মেহরাবের প্রশংসা করে তিনি বললেন, মেহরাব একজন নির্ভরযোগ্য এবং টেকনিক্যালি সলিড ব্যাটসম্যান। এবছরের শুরুতে সে আইসিসি অনূর্ধ্ব - ১৯ বিশ্বকাপে মিডল অর্ডারে সে ব্যাট করলেও মুলত একজন ওপেনার হিসেবে মেহরাব তার ক্রিকেট ক্যারিয়ার শুরু করে।
কোচ হোয়াটমোরও মেহরাবকে দলে পেয়ে বেশ খুশী। মেহরাবের ক্রিকেট টেম্পারামেন্ট-এর প্রশংসা করে ডেভ বলেন, মেহরাব তারুণ্যে ভরপুর প্রতিভাবান একজন ক্রিকেটার। ইনিংসের সূচনাটা সে একটু ধীরে করলেও কি করে রানের গতিটা বাড়াতে হয় সেটা মেহরাব ভালো করেই জানে।
নেট প্রাকটিসে এখন চূড়ান্তভাবে নির্বাচিত ক্রিকেটারদের মধ্যে অধিনায়ক বাশারসহ তিনজন অনুপস্থিত রয়েছেন। ইংল্যান্ডে রেনহিল ক্লাবের হয়ে কাউন্টি ক্রিকেটে খেলছেন আশরাফুল। ১১ সেপ্টেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে। আর পেসার মাশরাফি তার বিয়ের জন্য বর্তমানে নড়াইলে অবস্থান করছেন।
৭ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া ক্রিকেট বিশ্বের দ্বিতীয় বৃহত্তম আয়োজন আইসিসি ট্রফির কোয়ালিফাইং রাউন্ডে বাংলাদেশ তার গ্র“পে শ্রীলংকা, ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবুয়ের বিরুদ্ধে খেলবে। ১৪ অক্টোবর এই কোয়ালিফাইং রাউন্ড শেষ হবে। আইসিসির প্রথম ছয়টি দল ইতিমধ্যেই চূড়ান্তপর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। কোয়ালিফাইং রাউন্ডের খেলা থেকে দুটি দল চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পাবে। ১৫ অক্টোবর ভারতে চূড়ান্ত পর্বের খেলা শুরু হবে।
আইসিসি ট্রফির জন্য যে ১৪ জন ক্রিকেটার বাংলাদেশ দলে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন তারা হলেন: হাবিবুল বাশার সুমন, মোহাম্মদ আশরাফুল, শাহরিয়ার নাফিস, রাজিন নালেহ, আফতাব আহমেদ, খালেদ মাসুদ পাইলট, মোহাম্মদ রফিক, মাশরাফি বিন মূর্তজা, সৈয়দ রাসেল, শাহাদাত হোসেন রাজীব, ফরহাদ রেজা, আব্দুর রাজ্জাক, সাকিব আল হাসান এবং মেহরাব হোসেন জুনিয়র।
