২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইনজির কল্যাণে পাকিস্তানের কষ্টার্জিত জয়

ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় একদিনের ওয়ান ডে ম্যাচে সহ-অধিনায়ক ইউনিস খানের সেঞ্চুরির সুবাদে ২ উইকেটের কষ্টার্জিত জয় পেয়েছে পাকিস্তান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2006, 09:18 PM

Updated : 26 Apr 2022, 03:54 PM

স্বাগতিক ইংল্যান্ডের ২৭১ রানের জবাবে আট উইকেট খুইয়ে ২৭৪ রান তুলে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান। এই জয়ের ফলে সফরকারীরা ৫ ম্যাচ সিরিজে ২-০ ম্যাচে এগিয়ে গেলো।

প্রথমে ব্যাট করতে নেমে ইংল্যান্ড খেলার শুরুতেই শোয়েব আকতারের তোপের মুখে পড়ে। দলীয় শূণ্য রানে ট্রেসকোথিককে বোল্ড আউট করে সাজঘরে ফেরত পাঠান শোয়েব। অবশ্য পরবর্তী উইকেট জুটিতে স্ট্রস এবং আয়ান বেল বেশ শক্ত হাতেই এই সাময়িক দুর্যোগ কাটিয়ে ওঠেন। দলীয় ৭৯ রানের মাথায় রাজ্জাকের বলে কামরান আকমলের তালুবন্দী হবার আগে স্ট্রস তার অর্ধশতক পূরণ করেন। বেল ৪২ রান করে শোয়েবের শিকারে পরিণত হন। এরপর ক্রিজে পিঞ্চহিটার কেভিন পিটারসেনের আগমন ঘটলেও পাকিস্তানের তেমন কোনো ক্ষতি করতে পারেননি ইংল্যান্ডের এই আফ্রিদি। ২২ বলে ২০ রান করে মোহাম্মদ হাফিজের হাতে রানা নাভিদের শিকারে পরিণত হন পিটারসেন। তবে পঞ্চম উইকেট জুটিতে অনবদ্য ক্রিকেট উপহার দেন কলিনউড এবং সতীর্থ ডালরিম্পল। দুজনে মিলে এই উইকেটে ১০১ রান যোগ করেন। পরে এই দুজনই রানা নাভেদের শিকারে পরিণত হন। ৬২ রানে ডালরিম্পলকে বোল্ড করেন রানা নাভেদ। পরের ওভারে রানার বলেই কলিনউড ৬১ রানে বলে শোয়েব আকতারের তালুবন্দী হন। ইংল্যান্ডের টেল এন্ডাররা এরপর পাকিস্তানের ফাস্ট বোলিংয়ের বিরুদ্ধে তেমন প্রতিরোধ গড়ে তুলতে না পারায় শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ইংল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ২৭১ রানে।

স্বাগতিকদের এই বিশাল রানের জবাবে দলীয় ২ রানের মাথায় ওপেনার শোয়েব মালিককে হারিয়ে চাপের মুখে পড়ে পাকিস্তান। অপর ওপেনার মোহাম্মদ হাফিজও খুব একটা ভালো করতে পারেননি। দলীয় ২৯ এবং ব্যক্তিগত ২০ রানের মাথায় রান আউট হয়ে যান তিনি। তবে ম্যাচজয়ী তৃতীয় উইকেট জুটিতে ইউনিস খান এবং মোহাম্মদ ইউসুফ ৩০ ওভারে ১৬৭ রান যোগ করেন। ইউনিস খান একদিনের ক্রিকেটে তার প্রথম সেঞ্চুরি করে ১০১ রানে ব্রডের বলে আউট হয়ে যান। এরপর পাকিস্তান যখন মোহাম্মদ ইউসুফের উইকেটটি হারায় তখর দলীয় রান ৪০ ওভারে ৪ উইকেটে ২১৫ রান। দলের এমন মূহুর্তে ঠিক অধিনায়কের মতোনই এসে হাল ধরেন ইনজামাম। আফ্রিদি, রাজ্জাক ও কামরান আকমল তেমন সুবিধা করতে না পারলেও ইনজি তার হার না মানা ৪৪ রানের ইনিংস খেলে সাত বল বাকী থাকতেই দলকে ২ উইকেটের জয় এনে দেন। ওয়ান ডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করে দলকে জয় এনে দিয়ে ইউনিস খান ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।

নটিংহ্যামের টেন্টব্রিজ মাঠে ৮ সেপ্টেম্বর দুইদেশ চতুর্থ ওয়ান ডে ম্যাচে মুখোমুখি হবে।  সিরিজে সমতা ফিরিয়ে আনতে এই ম্যাচ ও শেষ ম্যাচে ইংল্যান্ডের জয়ের কোনো বিকল্প নেই। অন্যদিকে টেন্টব্রিজে জয় নিয়ে সিরিজ আগেভাগেই নিশ্চিত করতে মাঠে নামবে পাকিস্তান।