২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেট প্র্যাকটিস শুরু করেছেন ক্রিকেটাররা

আর ঠিক এক মাস পরই ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি। সেখানে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলংকা, ওয়েষ্ট ইন্ডিজের মতো তুখোড় ক্রিকেট খেলুড়ে সব দেশ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2006, 07:46 PM

Updated : 26 Apr 2022, 03:54 PM

আর ডিসেম্বরে বাংলাদেশ সফরে আসছে আফ্রিকান দল জিম্বাবুয়ে। তাদের বিরুদ্ধে সম্প্রতি হেরে যাওয়া ওয়ান ডে সিরিজের আগুন তো পুষে রেখেছেই বাংলাদেশ, এখন শুধু অপেক্ষা আর শারিরীক ও মানসিক প্রস্তুতি গ্রহণের পালা।

শারিরীক ফিটনেসের সেই প্রস্তুতি অবশ্য বাংলাদেশ দল সপ্তাহখানেক আগেই শুরু করে দিয়েছে। আর এবার মঙ্গলবার থেকে মিরপুর ক্রিকেট কমপ্লেক্সে নেট প্র্যাকটিস শুরু করেছে ক্রিকেটাররা।

প্রাথমিকভাবে নির্বাচিত ১৮ জনের ১৪ জনই নেট প্র্যাকটিসে অংশ নিচ্ছেন। অধিনায়ক হাবিবুল বাশার ফিটনেস ট্রেনিংয়ে উপস্থিত থাকলেও আঙ্গুলের ইনজুরির কারণে প্র্যাকটিসে নামছেন না।

দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান আশরাফুল ইংল্যান্ডের রেইনহিল ক্রিকেট ক্লাবের হয়ে কাউন্টি ক্রিকেটে অংশ নেওয়া উপলক্ষ্যে বর্তমানে লন্ডনে অবস্থান করছেন।

দলে প্রথমবারের মতো ঠাঁই পাওয়া মেহরাব হোসেন জুনিয়র পাকিস্তান সফর শেষে মঙ্গলবারই দেশে ফিরেছেন।

নির্বাচিত অপর ক্রিকেটার অলোক কাপালি অসুস্থতার কারণে এখনো প্র্যাকটিসে যোগ দেননি।

বাকিরা কোচ ডেভ হোয়াটমোরের অধীনে পুরোদমে প্র্যাকটিস করছেন।

ইতোপূর্বে বাংলাদেশ দলের কয়েকজন নিয়মিত বোলার এবার সুযোগ না পেলেও এদের বেশ কয়েকজনকে নেট প্র্যাকটিসে ডাকা হয়েছে।

নেটে অনুশীলনরত ব্যাটসম্যানদের ভালো বোলিং মোকাবেলার উপযোগী করে গড়ে তোলার সর্বাত্মক চেষ্টা চলছে। বোলিং করছেন তাপস কুমার বৈশ্য, তালহা জুবায়ের, তারেক আজিজ, মানজারুল ইসলাম রানা ও এনামুল হক জুনিয়র।

ডেভ অবশ্য ফিটনেস ট্রেনিংয়ের পুরোটা সময় দলেন সাথে ছিলেন না। এক সপ্তাহের ছুটিতে কলম্বোয় পরিবারের সদস্যদের সাথে কাটিয়ে বেশ খোশমেজাজেই শনিবার ঢাকা ফিরেছেন তিনি।

নেটের ব্যস্ততার মাঝে কোনো কথা না বললেও প্র্যাকটিস শেষে মুখ খুললেন কোচ ডেভ। জানালেন, একদিনের ক্রিকেটের জন্য প্রয়োজনীয় বিষয়গুলো ওপর জোর দিয়ে তিনি প্র্যাকটিস চালিয়ে যেতে চান। দলের কয়েকটি পরিবর্তনের কথাও জানান তিনি।

এই পরিবর্তনগুলোর ফলে বাংলাদেশ দল উপকৃত হবে বলে ডেভ আশা করছেন। তিনি বলছেন, এই পরিবর্তনের ফলে নতুনরা দায়িত্ব নিয়ে খেলতে শিখবে এবং দলকে বিভিন্ন কম্বিনেশনে সাজানো সহজ হবে।

ডেভ বলেন, ‘তরুণ যেসব সম্ভাবনাময় ক্রিকেটারদের অভিষেক ঘটেছে তারা শক্তিশালী দলগুলোর বিপক্ষে না খেললেও আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছে। দলের বর্তমান অবস্থায় আমি মনে করি দলকে একটু ভিন্নভাবে সাজাতে পারবো। ২০০৩ সালে বাংলাদেশের দায়িত্ব নেওয়ার পর এই ধরনের সুযোগ আমি এই প্রথম পাচ্ছি যা ভেবে আমার ভালো লাগছে।’

ডেভ অবশ্য মনে করেন একদিনের ক্রিকেটে একটি দলের মূল স্তম্ভ হলো তার টপ অর্ডার ব্যাটিং। সেই বিষয়টিকে মাথায় রেখেই এবারো টপ অর্ডারের দিকে নজর রাখা হয়েছে।

ডেভ বলেন, ‘টপ অর্ডার ব্যাটসম্যানরা যেনতেনভাবে তাদের উইকেট খুইয়ে আসতে পারেন না। দলের প্রতি তাদের এক ধরনের দায়িত্ব রয়েছে। তবে বর্তমানে বাংলাদেশের ক্রিকেটের যে উন্নতি হয়েছে সেটি হলো, আমরা যেকোনো দেশের বিরুদ্ধে একটি বড় স্কোর গড়তে সক্ষম এবং মোটামুটি একটি বড় স্কোর তাড়া করে জয় ছিনিয়ে আনতে পারি। এরপরও আমাদের দলের বোলিং, ফিল্ডিং ও অন্যান্য দিকে আরো উন্নতি করার প্রয়োজন রয়েছে’। 

তবে এটা ঠিক যে বাংলাদেশ এখনো নির্ভরযোগ্য ওপেনিং জুটি দাঁড় করাতে পারেনি। এই নিয়ে প্রশ্ন করা হলে ডেভ জানান, দলের এই একটি বিষয়ে তার নিজেরও কষ্ট থাকলেও দলের অন্যান্য সব বিষয়ে তাকেই নজর রাখতে হচ্ছে। তবে বাংলাদেশ তার অধীনে এই তিন বছরে অনেক উন্নতি করেছে বলে তিনি মনে করেন।

এছাড়া দলের ধারাবাহিক নৈপূণ্যের অভাবের বিষয়টি কিন্তু ডেভের নজর এড়িয়ে যায়নি। বাংলাদেশ এপর্যন্ত বেশ কটি বড় ম্যাচ জিতে প্রমাণ করেছে যে তারাও অস্ট্রেলিয়ার মতো দেশকে হারাতে পারে। কিন্তু ধারাবাহিকতার অভাবে এই আত্মবিশ্বাস পুরোপুরিভাবে তৈরী  হতে পারছে না।

বাংলাদেশের ব্যাটসম্যানরা টেকনিক্যালি সলিড না হলেও তারা শারিরীকভাবে অনেক ফিট এবং ক্রিকেটকে তারা উপভোগ করে বলেই তারা বেশ কয়েকটি বড় জয় পেয়েছে।

নিজের কোচিংয়ের তিন বছর শেষে বাংলাদেশের পারফরমেন্সের আয়নায় নিজেকে একবার দেখে নিলেন ডেভ। বললেন, ‘আমি যখন বাংলাদেশের কোচ হয়ে এদেশে আসি তখন এখানকার কোনো কিছুই ঠিক ছিল না। ক্রিকেটাররা টেকনিক্যালি ভুল ক্রিকেট খেলতো। ক্রিকেটের মান মোটেই উন্নত ছিল না। আমি এসেই এসব ক্রিকেটারদের বেসিক কিছু নিয়মের মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করি। এরপর ধীরে ধীরে এদেশের জাতীয় ক্রিকেট বড় কয়েকটি জয় ছিনিয়ে নিতে সক্ষম হয়।’

দলের বর্তান অবস্থা সম্পর্কে ডেভ বলেন, দল এখন ঠিক ট্র্যাকেই রয়েছে। আমাদের পুরো ক্রিকেটেই এক ধরনের উন্নতি ঘটাতে হবে। একদিনের ক্রিকেটের জন্য বেশ কয়েকজন ভালো অল রাউন্ডার খুঁজে বের করতে হবে। এসব অল রাউন্ডারদের উন্নতি ঘটিয়ে, উপযুক্ত পরিকল্পনার মাধ্যমে এবং ক্রিকেট খেলিয়ে তাদের অভিজ্ঞ করে তুলতে হবে। তাহলেই বাংলাদেশ ক্রিকেট প্রথম সারির দল হিসেবে সামনে এগিয়ে যেতে পারবে।