২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে ফিরে যাচ্ছেন ক্রুসিয়ানি

অবশেষে তিক্ততার মধ্য দিয়েই বাংলাদেশের ফুটবলে ক্রুসিয়ানি অধ্যায়ের শেষ হলো। বাংলাদেশের ফুটবলের সাথে ১৩ মাসের সম্পর্ক চুকিয়ে দিয়ে জাতীয় দলের এই আর্জেন্টাইন কোচ দিয়েগো আন্দ্রেস ক্রুসিয়ানি মঙ্গলবার দেশে ফিরে যাচ্ছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2006, 09:26 PM

Updated : 26 Apr 2022, 03:54 PM

তবে যাবার আগে বাফুফে ক্রুসিয়ানির সাথে যে আচরণটা করেছে তাতে তিক্ত সম্পর্কটি আরো তিক্ত হয়ে উঠেছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) জরিমানাকৃত ৩ হাজার ডলার পরিশোধের জন্য ক্রুসিয়ানির বেতন থেকে ঐ পরিমাণ অর্থ কেটে রেখেছে। ২০০৫ সালের ডিসেম্বরে ঢাকায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে পাকিস্তানের সাথে এক খেলায় ক্রুসিয়ানি রেফারীকে আক্রমণ করেছেন এটা প্রমাণিত হওয়ার পর এএফসি ক্রুসিয়ানিকে ৩ হাজার ডলার জরিমানা করে।

এ বিষয়ে বাফুফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল জানান, জরিমানার অর্থ ছাড়া ক্রুসিয়ানির সকল পাওনা মিটিয়ে দেওয়া হয়েছে এবং জরিমানার এই তিন হাজার ডলার ফেরত চেয়ে ক্রুসিয়ানিকে বাফুফে বরাবর একটি আবেদন  করতে বলা হয়েছে।

তবে ক্রুসিয়ানি ইতোমধ্যেই টাকাটি ফেরত চেয়ে বাফুফের প্রতি একটি আবেদনপত্র জমা দিয়েছেন। বাফুফের নির্বাহী কমিটির বুধবারের মিটিংয়ে এই বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। ক্রুসিয়ানিকে যদি টাকাটা ফেরৎ দেবার সিদ্ধান্তই হয় তাহলে শিগগিরই তার কাছে টাকাটি পৌঁছে দেয়া হবে বলে হেলাল জানান।

প্রসঙ্গতঃ ক্রুসিয়ানি মাসপ্রতি চারহাজার ডলার বেতন চুক্তিতে ২০০৫ সালের আগস্ট থেকে এক বছরের জন্য বাংলাদেশের জাতীয় দলের কোচ মনোনীত হন এবং ঢাকা আসেন। আর এই এক বছরে ক্রুসিয়ানির অধীনে বাংলাদেশের ব্যর্থতার পরিমাণ একেবারে কম নয়। তার অধীনে বাংলাদেশ দল পাকিস্তানের সাফ চ্যাম্পিয়নশীপের ফাইনালে উত্তীর্ণ হলেও ভারতের কাছে হেরে গিয়ে রানার্স-আপ হয়। এছাড়া বাংলাদেশ ঢাকায় অনুষ্ঠিত এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) চ্যালেঞ্জ কাপের কোয়ার্টার ফাইনালে উঠতে ব্যর্থ হয় এবং তাজিকিস্তানের কাছে ৬-১ গোলে পরাজয় বরণ করে।

আগস্টের মাঝামাঝি কলম্বোতে অনুষ্ঠিত এস এস গেমসের ফুটবলে অংশ নেবার স্বার্থে বাফুফে পরবর্তীতে ক্রুসিয়ানির সাথে চুক্তি একমাসের জন্য বর্ধিত করে। তবে এবারো ক্রুসিয়ানি বাংলাদেশকে এস এ গেমসে সাফল্য এনে দিতে ব্যর্থ হন। ভারতের সাথে ম্যাচে হেরে বাংলাদেশ গ্র“প পর্যায় থেকেই বাদ পড়ে।