২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দোহার পথে বাংলাদেশ ফুটবল দল

দেশের মাটিতে কাতারের কাছে নাস্তানাবুদ বাংলাদেশ দল এবার কাতারের মাটিতে ভালো পারফরমেন্সের আশা নিয়ে সোমবার সকালে ঢাকা ত্যাগ করেছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2006, 08:28 PM

Updated : 26 Apr 2022, 03:54 PM

এশিয়ান কাপ কোয়ালিফাইং রাউন্ডের ‘এফ’ গ্র“পের এই ম্যাচটি বুধবার বাংলাদেশ সময় রাত সাড়ে নয়টায় কাতারের রাজধানী দোহার আল ঘাফারা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।  

বাংলাদেশের কোচ হাসানুজ্জামান বাবলু সোমবার দোহার উদ্দেশ্যে যাত্রার প্রাক্কালে বাংলাদেশের ভালো পারফরমেন্সের বিষয়ে আশাবাদ ব্যক্ত করে বলেন, দেশের মাটিতে বাংলাদেশ ৪--১ গোলে হেরে গেলেও কাতারের মাটিতে বাংলাদেশ ভালো পারফরমেন্স দেখাবে।

বাবলু বলেন, ইতোমধ্যেই কাতার এশিয়ান কাপের চূড়ান্ত পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করেছে। কাতারের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে বাংলাদেশের হারাবার তেমন কিছুই নেই। বরাবরের মতো এই ম্যাচেও তাদের বিরুদ্ধে জয়ের আশা না থাকলেও পরাজয়ের ব্যবধান কমিয়ে আনা হবে।

বাবলু আরো জানান, এই কয়েকদিনের প্রশিক্ষণ শিবিরে শুধুমাত্র রোববার তিনি দলের সকল ফুটবলারকে একসাথে পেয়েছেন। তবে বিদেশের মাটিতে দেশের মান রাখতে ফুটবলাররা ঐক্যবদ্ধভাবে তাদের সর্বস্ব দিয়ে গোলবার রক্ষার চেষ্টা চালাবে বলে তিনি মনে করছেন।

কাতারগামী এই দলে কলম্বো ফেরত অনুর্ধ্ব-২৩ জাতীয় দলের ছয়জন ফুটবলার অর্ন্তভুক্ত রয়েছেন, যারা কাতারের বিরুদ্ধে চট্টগ্রামে অনুষ্ঠিত প্রথম খেলাটিতে অংশ নেননি। এমিলি, সিরাজ, আরমান আজিজী, রবিন, আরিফ এবং জাহিদ হোসেন-- এই ছয় ফুটবলার দলে ফিরে আসায় বাংলাদেশের পারফরমেন্স আগের চেয়ে স্বাভাবিকভাবেই ভালো হবে বলে মনে করছেন বাবলু।

বাংলাদেশের অধিনায়ক আরিফ খান জয় অবশ্য পুরোপুরিই নেতিবাচক কথা বলেছেন। তিনি কাতারের বিরুদ্ধে বাংলাদেশের ভালো পারফরমেন্সের কোনো কারণই দেখছেন না। ‘কাতারের বিরুদ্ধে আমাদের কোনো লক্ষ্যই নেই, শুধুমাত্র নিয়ম রক্ষার তাগিদেই আমরা কাতারে খেলতে যাচ্ছি’ বলেন জয়।

কাতারকে বাংলাদেশের জন্য খুবই শক্তিশালী দল হিসেবে উল্লেখ করে জয় আরো বলেন, ‘কাতারের মাটিতে তাদের বিরুদ্ধে মাঠে নামার অর্থ একটাই, আর তা হলো ধারালো তরবারীর মুখে নিজেদের গলা এগিয়ে দেওয়া’।

উল্লেখ্য এবারের এশিয়ান কাপ কোয়ালিফাইং রাউন্ডের খেলায় চট্টগ্রাম স্টেডিয়ামে বাংলাদেশ কাতারের কাছে ৪--১ গোলে পরাজিত হয়। এর আগে বাংলাদেশ উজবেকিস্তানের কাছে ৫--০ গোলে এবং সিঙ্গাপুরের কাছে ১--০ গোলে পরাজিত হয়।

বাংলাদেশ পঞ্চম ম্যাচে ১১ অক্টোবর দেশের মাটিতে উজবেকিস্তানের মুখোমুখি হবে। আর ১৫ নভেম্বর ষষ্ঠ ও শেষ গ্র“প ম্যাচে বাংলাদেশ সিঙ্গাপুরের বিরুদ্ধে খেলবে।