আন্দ্রে আগাসির অশ্র“সজল বিদায়
একসময় সবই শেষ হয়ে যায়। বয়স ফুরোয়, ক্যারিয়ার শেষ হয়। আন্দ্রে আগাসিও শেষ করলেন তার টেনিস জীবনের বর্ণাঢ্য যাত্রার।
যতোটা সহজ ভাবা হয়েছিল, ছাড়াটা আসলে ততটা সহজ ছিল না। বুকের তন্ত্রীতে কোথাও যেন একটা কষ্ট, ব্যথা চিনচিন করে উঠলো মাঠ থেকে বিদায় নেওয়ার সময়।
টেনিস বল বয় থেকে টেনিস কিং। ২২ বছরের ক্যারিয়ারে আগাসির এই যাত্রাপথ কিন্তু মোটেই কন্টকমুক্ত ছিল না।
আটটি গ্র্যান্ডস্ল্যাম জয়ের আনন্দ, রাষ্ট্রীয় সম্মান, ইনজুরি, ভক্তদের ভালোবাসা অনেককিছুর মধ্য দিয়েই পার করেছেন তিনি এতগুলো বছর। কিন্তু পরাজয়ে বা জয়ের আতিশয্যে এমনকি শিরোপা হারানোর বেদনায় কখনোই যাকে চোখের পানি ফেলতে দেখা যায়নি সেই আগাসি টেনিসকে বিদায় জানাতে গিয়ে চোখ ছলছল করে উঠলো।
ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডের খেলায় রোববার ১১২তম বাছাই জার্মানির বেঞ্জামিন বেকারের কাছে ৭--৫, ৬--৭ (৪--৭), ৬--৪ ও ৭--৫ সেটে হেরে টেনিস থেকে বিদায় নিলেন টেনিসের এই সম্রাট। রোববার দিনটি নিয়ে আগাসির বাবার অন্যরকম একটা হিসাব ছিল। তিনি ছেলের টেনিস ক্যারিয়ারের প্রথমেই সাবধান করে দিয়েছিলেন রোববারের ম্যাচগুলো সম্পর্কে। কিন্তু সেই কুসংস্কারে নিজেকে আবদ্ধ করেননি আগাসি। অথচ কি আমোঘভাবেই আন্তর্জাতিক অঙ্গনের শেষ খেলা তাকে খেলতে হলো সেই রোববারই। আর সেই খেলাতেই হেরে তিনি বিদায় জানালেন টেনিস জগতকে।
অসহ্য কোমর ব্যথা নিয়ে নিজের টানা ২১ তম ইউএস ওপেনে আগাসি কোর্টে নেমেছিলেন অন্যরকম এক স্বপ্ন নিয়ে। শিরোপা জয়ের কোনো আশা থেকে নয় বরং নিজের সামর্থ্যরে শেষ সীমা জানতেই ৩৬ বছর বয়সে কঠিন যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন। অনেকে ধারণা করেছিলেন এবারের আসরের ৭ টি রাউন্ড খেলে শিরোপা জয় আগাসির এই বয়সে অসম্ভব একটি বিষয়। কিন্তুু নিজেকে প্রমাণের ইচ্ছাটা তখনো মরে যায়নি আগাসির। প্রথম রাউন্ডে আন্দ্রে পাভেলের বিরুদ্ধে অভিজ্ঞতার আলোকে সাড়ে তিন ঘন্টায় জয় ছিনিয়ে নিলেন তিনি। দ্বিতীয় রাউন্ডে আরো বেশী সময় ধরে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে জয় তুলে নেন অষ্টম বাছাই মার্কোস বাগডেটিসকে হারিয়ে। আর ঠিক এসময় থেকেই আগাসির ভক্ত ও সমর্থকেরা আশা শুরু করলেন তাদের এই স্পোর্টস আইডলকে নিয়ে। দ্বিতীয় রাউন্ড পর্যন্ত যখন নিজেকে প্রমাণ করতে পেরেছেন তখন শিরোপা হাতে নিয়ে মধুরতম বিদায় আশা করতেই পারেন আগাসি।
কিন্তু ১১২ তম বাছাই বেঞ্জামিন বেকারের তারুণ্যের কাছে হার মানতেই হলো তাকে। তবে এখানেও নিজেকে প্রমাণ করে তবেই হার মেনেছেন তিনি। বেকারের কাছে প্রথম সেটে ৫-৭ গেমে হেরে গেলেও দ্বিতীয় সেটে দুর্দান্তভাবে ফিরে আসেন আগাসি। ডিউজ সেটে ৭-৬ গেমে এই সেটটি জিতে নিয়ে ভক্তদের মনে জয়ের আশাও জাগিয়ে তোলেন। ঠিক এমন সময় কোমরে ব্যথা ভোগাতে শুরু করলো আগাসিকে। তৃতীয় সেটের অনেক পয়েন্ট তাকে ছেড়ে দিতে হয় বলের পিছনে না দৌড়ানোর কারণেই। সার্ভিসের পর কোমর ধরে রাখা আর পয়েন্ট হারিয়ে বা জিতে পিঠের ব্যথায় তার মুখ কুচকে যাওয়া দেখে মনে হচ্ছিল তৃতীয় সেটটিই বুঝি আগাসি শেষ করতে পারবেন না। স্ত্রী স্টেফি গ্রাফের চোখেমুখেও দেখা গেল উৎকন্ঠার ছাপ। বাবার খেলা দেখতে আসা দুই সন্তানেরও মনে কষ্টের ছোঁয়া ছিল।
কিন্তু এত বছর যিনি টেনিসের মাঠ সামলেছেন একজন সুদক্ষ সম্রাটের মতো তিনি পতা সহজে নিজেকে ছেড়ে দেবার পাত্র নন। আগাসির কোচ গিল রেইসও শিষ্যের কষ্ট দেখে একবার চেয়েছিলেন আগাসিকে কোট থেকে বার করে নিতে। কিন্তু তিনিও জানতেন, এটাই আগাসির শেষ ম্যাচ। সুতরাং কষ্ট হলেও শেষ পর্যন্ত খেলাটা চালিয়ে যেতে নিজেই উদ্বুদ্ধ করতে শুরু করেন আগাসিকে। হারলেও শেষ পর্যন্ত খেলেই প্রমাণ করলেন একেবারে শেষ হয়ে যাননি তিনি।
খেলা শেষে তোয়ালে মুখের উপর টেনে চেয়ারে বসে অশ্র“ সংবরণ করতে চেষ্টা করেন আগাসি। এসময় পুরো আর্থার এ্যাশে টেনিস কোর্টের সকল দর্শকই উঠে দাঁড়িয়ে করতালির মধ্য দিয়ে তার বিদায়কে আরো আবেগময় করে তোলে। এই মূহুর্তটিতে আগাসি চেষ্টা করেও কান্না ধরে রাখতে পারেননি। উঠে দাঁড়িয়ে অশ্র“সজল চোখে সবার উদ্দেশ্যে হাত নাড়িয়ে নিজের বিদায় চেয়ে নেন। পুরো টেনিস স্টেডিয়ামের প্রায় ২০ হাজার দর্শক ৪ মিনিট দাঁড়িয়ে করতালির মধ্য দিয়ে তাদের এই প্রিয় তারকাকে সম্মান জানায়। তখন সবার চোখই ছিল ভেজা। অনেক দিনের স্মৃতির মধ্যে ডুবে যেতে যেতে ভক্ত দর্শকদের বললেন ‘আজ স্কোর বোর্ডে লেখা আছে আমার পরাজয়ের কথা। কিন্তু আজ আমি মানুষের যে ভালোবাসা পেয়েছি তা কিন্তু এই স্কোরবোর্ড তুলে ধরতে পারেনি। গত দুই দশক ধরে আমার ক্যারিয়ারে আমি আমার দর্শক, সমর্থক আর ভক্তদের কাছ থেকে যে প্রেরণা পেয়েছি, যে উৎসাহ পেয়েছি এমনকি আমার খেলার বাইরেও তারা যেভাবে আমাকে উৎসাহ এবং সমর্থন যুগিয়েছেন তা আমি কোনদিন ভুলতে পারবো না। আপনাদের ভালোবাসা আর সুখস্মৃতি নিয়েই আজ আমি বিদায় নিচ্ছি’।
বিদায় নিলেন আগাসি। কিন্তু তার কীর্তি ভবিষ্যতের টেনিস খেলোয়াড়দের জন্য এক পরম প্রেরণা হয়ে থাকবে নিঃসন্দেহেই বলা যায়।
