দ্বিতীয় ওয়ান ডেতেও পাকিস্তান ক্রিকেট একাডেমীর কাছে বিসিবি ক্রিকেট একাডেমীর পরাজয়
শিয়ালকোটের শেখুপুরা স্টেডিয়ামে বৃহস্পতিবার তিনটি একদিনের ম্যাচের দ্বিতীয় খেলায়ও সফরকারী বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একাডেমী দল পাকিস্তান ক্রিকেট বোর্ড একাডেমী দলের কাছে ৫২ রানে পরাজয় বরণ করেছে।
টসে জিতে বিসিবি একাডেমী দল প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। ব্যাট করতে নেমে পাকিস্তান ক্রিকেট বোর্ড একাডেমী ওসমান সাইদের অনবদ্য শতরানের কল্যাণে নির্ধারিত ৫০ ওভারে ছয় উইকেটে ২৮১ রান সংগ্রহ করে। ওসমান সাইদ ১২৯ রান এবং খুররম মঞ্জুর ৮৯ রান করেন। বিসিবি দলের শফিক আল জাবের ২ টি উইকেট এবং নাজমুল, মেহরাব এবং রাজন একটি করে উইকেট লাভ করেন।
জবাবে বিসিবি দল ৪৫ দশমিক ১ ওভারে ২২৯ রান তুলে অল আউট হয়ে যায়। বিসিবির পক্ষে নাদিফ চৌধুরী ৬৬ বলে ৬৪ রান, জহিরুল ইসলাম ৭৮ বলে ৬৩ রান এবং অধিনায়ক মেহরাব ৩৮ বলে ৪৩ রান করেন।
বিসিবি একাডেমী দল শনিবার তৃতীয় এবং শেষ একদিনের ম্যাচে অংশ নেবে।
