২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউএস ওপেনে রডিক ও শারাপোভাকে ঘিরে প্রেমের গুঞ্জন

টেনিস খেলতে গিয়ে প্রেমে পড়ার কাহিনী নতুন কিছু নয়। দুই টেনিস তারকা আন্দ্রে আগাসি ও স্টেফি গ্রাফের কাহিনী তো সবারই জানা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2006, 07:52 PM

Updated : 26 Apr 2022, 03:54 PM

টেনিস জগতে অনেক গুজব বাস্তবে রূপ নিয়েছে, আবার অনেক গুজব শুধু গুজব হয়েই থেকে গেছে। যেমনটা ঘটেছে বরিস বেকার, স্টেফি গ্রাফ, কুর্নিকোভা ও মনিকা সেলেসকে ঘিরে। এবারের ইউএন ওপেনে আরেক যুগলের প্রেমের কথা বাতাসে ভাসছে। গুজবও হতে পারে। তবে দুজনের কর্মকান্ড দেখে মনে হতেই পারে যে তারা দুজনে দুজনার প্রেমে পড়েছে। হ্যাঁ পাঠক, টেনিস জগতে এখন আলোচিত দুটি নাম রডিক এবং শারাপোভার কথাই বলা হচ্ছে।

রডিক ৩০ আগস্ট তার ২৪ তম জন্মদিনটি উদযাপন করেছেন ইউএস ওপেনের প্রথম রাউন্ডের খেলায় জয়ের মধ্য দিয়ে। শারাপোভা সে খেলায় উপস্থিত ছিলেন কিনা তা নিয়ে সন্দেহ থাকলেও ডেনমার্কের টেনিস তারকা ক্রিস্টিয়ান প্লেসকে ৬-৩, ৭ - ৬ ও ৬ - ৩ সেটে হারিয়েছেন রডিক। শারাপোভাকে ঘিরে যে গুঞ্জণের সৃষ্টি হয়েছে তাতে কান না দিয়ে রডিক জয়ের পর আবারো সোজাসুজি জানিয়ে দেন, ‘না আমার ডেট করছি না। আমরা পরষ্পরের খুব ভালো বন্ধু’।

কিন্তু ক্রীড়া সাংবাদিকরা এতটুকু উত্তরেই বা সন্তুষ্ট হবেন কেন! রডিককে খুঁচিয়ে আরো কিছু কথা আদায় করে নিয়েছেন তার। আর রডিক সাংবাদিকদের প্রতি কিছুটা বীতশ্রদ্ধ হয়েই গড়গড় করে কয়েকটি কথা বলে দিলেন, ‘ আপনাদেরকে কয়েক মিলিয়ন বার আমি বলেছি যে আমাদের মধ্যে কোনো প্রেমের সম্পর্ক নেই তবু আপনারা সত্য কথাটি লিখতে রাজী নন। শারাপোভা একটি চমৎকার মেয়ে। তার সাথে আমার সম্পর্কটি বন্ধুত্বের। আমাদের মধ্যে অনেক কিছু নিয়েই কথা হয়। ব্যাস এ পর্যন্তই’।

তবে ‘এপযর্ন্তই’ বললেও রডিক কিন্তু কথা পুরোপুরি চেপে যেতে পারেন নি। মুখের লাগামে রাশ দেবার আগেই শারাপোভার কয়েকটি স্তুতিবাক্য বের হয়ে গেল তার মুখ থেকে : ‘টেনিস খেলতে গিয়ে আমরা ট্যুরের উপর থাকায় বন্ধুত্বের সম্পর্কটিও ঠিকমতো চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছে। আমার চেয়ে ট্যুরে অনেক বেশি ব্যস্ত থাকে শারাপোভা। খেলার বাইরেও তার আলাদা জগত রয়েছে। বন্ধু হিসেবে তার অনেককিছুই আমার কাছে ভালো লেগেছে’।

তালি যে একহাতে বাজছে না তারই যেন প্রমাণ দিতে সাংবাদিকরা শারাপোভাকেও একটু উসকে নিয়ে রডিকের সাথে তার প্রেমের সম্পর্কে প্রশ্ন করেছিলেন। ইউএস ওপেনের প্রথম রাউন্ডের খেলায় নেদারল্যান্ডসের মিচেল্লা ক্রাজিচেককে সোজাসুজি ৬-৩ ও ৬-০ সেটে হারাবার পর শারাপোভা আরো সোজা উত্তর দিয়ে চুপসে দিয়েছেন মিডিয়াকে। ‘ আমার ব্যক্তিগত বিষয়ে আমি কারো সঙ্গে আলোচনা করতে মোটেই আগ্রহী নই। আজকাল টেনিস জগতে দুজন বন্ধু হলেই তা নিয়ে বিশ্বব্যাপী হৈ চৈ পড়ে যায় আর গুজবপ্রিয় মানুষ সে বিষয়ে কথা ঘুরিয়ে-বাড়িয়ে সেগুলো চালাচালি করতে  ভালোবাসে। এসব গুজবকে আমি মোটেই পাত্তা দেইনা।

শারাপোভা আর রডিকের এই উত্তরে সবার মুখ আপাতত বন্ধ হলেও দুই সেলিব্রিটি কিন্তু বিনা আয়াসে একটি জিনিস পেয়ে গেলেন। আর সেটি হলো মিডিয়ার ব্যাপক প্রচার। আপাতত আর কি চাই! পরে যদি গুজব সত্যে পরিণত হয় তাহলেও বা ক্ষতি কী!  আগাসি-স্টেফির মতো আরেকটি টেনিস যুগলদেখতে পাবে টেনিসপ্রেমীরা।