সোনা বিজয়ী মিজানুর এবং মিঠু দেশে ফিরেছেন
কলম্বোয় অনুষ্ঠিত দশম দক্ষিণ এশিয় গেমস শেষে বাংলাদেশের সোনা বিজয়ী দুই তরুণ মাহফুজুর রহমান মিঠু এবং মিজনিুর রহমান দেশে ফিরেছেন।
এ্যাথলেট মাহফুজুর রহমান মিঠু ১১০ মিটার হার্ডলসে এবং মিজানুর রহমান ৭৮ কেজি বিভাগে তায়কোয়ান্দো থেকে সোনা জিতে নেন।
বাংলাদেশ এথলেটিকস ফেডারেশন (বিএএফ), বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ তায়কোয়ান্দো ফেডারেশান(বিটিএফ) এবং বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশান উর্ধŸতন কর্মকর্তারা জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে এই দুই সোনাজয়ী বীরকে স্বাগত জানান। এসময়ে মিজানুর এবং মাহফুজুর মিঠুর আত্মীয় স্বজনেরা বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
বিএএফ এর প্রেসিডেন্ট আব্দুস সালাম সোনাজয়ী এ্যাথলেট মাহফুজুর রহমান মিঠুর হাতে প্রতিশ্র“তি অনুযায়ী এক লাখ টাকার একটি চেক তুলে দেন। এর আগে বিএএফ থেকে প্রত্যেক সোনাজয়ী এ্যাথলেটকে এক লক্ষ টাকা নগদ পুরষ্কারের ঘোষণা দেওয়া হয়। আব্দুস সালাম মিজানুর রহমানকেও ২০০ ডলারের একটি চেক উপহার দেন।
কলম্বোয় অংশ নেওয়া শুটিং, এথলেটিকস এবং তায়কোয়ান্দো দলের মোট ৫২ জন ক্রীড়াবিদ বুধবার ঢাকায় প্রত্যাবর্তন করেছেন। আসরে বাংলাদেশের জন্য প্রথম স্বর্ণপদক তুলে নেয়া সাঁতারু শাহজাহান আলী রনি এবং অবশিষ্ট ক্রীড়াবিদদের বৃহস্পতিবার দেশে ফেরার কথা রয়েছে।
এবারের আসরে বাংলাদেশ আটটি দেশের মধ্যে ষষ্ঠ স্থান লাভ করেছে। তিনটি স্বর্ণপদক, ১৫ টি রৌপ্য এবং ৩২ টি ব্রোঞ্জসহ মোট ৫০ টি পদক অর্জন করেছে বাংলাদেশ। প্রতিবারের মতো ভারত এবারো আসরের প্রথম স্থান দখল করেছে। ১১৮ টি সোনা, ৬৯টি রুপা এবং ৪৭ টি ব্রোঞ্জসহ মোট ২৩৪ টি পদক নিয়ে ভারত প্রথম হয়। পাকিস্তান, শ্রীলংকা এবং নেপাল যথাক্রমে দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ স্থানে রয়েছে। যুদ্ধ বিধ্বস্ত দেশ আফগানিস্তান এই প্রথমবারের মতো এসএ গেমসে অংশ নিয়েই বাংলাদেশের তুলনায় এগিয়ে রয়েছে। ৬ টি সোনা, ৭ টি রুপা এবং ১৬ টি ব্রোঞ্জসহ মোট ২৯ টি পদক নিয়ে আফগানিস্তান পঞ্চম স্থানে রয়েছে।
দেশে ফিরেই দুই সোনাজয়ী ক্রীড়াবিদ উচ্ছাসের সাথে তাদের আনন্দের কথা জানান। দৌড়বিদ মিঠু ভবিষ্যতে আরো ভালো করার প্রত্যয় ব্যক্ত করে বলেন, ‘বাংলাদেশের এথলেটিকসের জন্য ১১ বছর পর স্বর্ণপদক উপহার দিতে পেরে আমি ভীষন খুশী’। তবে ভবিষ্যতে আরো ভালো করার জন্য তিনি দেশে ও বিদেশে প্রশিক্ষণের সুযোগ তৈরির কথাটিও উল্লেখ করেন।
মিজানুর রহমানও দেশের জন্য স্বর্ণপদক উপহার দিতে পেরে ভীষণ খুশী। বাংলাদেশে তায়কোয়ান্দো খেলার মান বাড়াতে এবং আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতার স্বার্থে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যথাযথ প্রশিক্ষণ এবং প্রাকটিসের সুব্যবস্থা গ্রহণের আবেদন জানান।
