এ্যাটলেটিকো মাদ্রিদে যোগ দিলেন ম্যানিশ
ইংলিশ লীগে খেলার আগ্রহ থাকলেও পর্তুগাল জাতীয় দলের তারকা মিডফিল্ডার ম্যানিশকে শেষ পর্যন্ত স্প্যানিশ লীগ খেলেই সন্তুষ্ট থাকতে হচ্ছে।
সম্প্রতি তিনি রাশিয়ার দিনামো মস্কো ক্লাব ছেড়ে স্পেনের শীর্ষ স্থানীয় ফুটবল ক্লাব এ্যাটলেটিকো মাদ্রিদে যোগ দিয়েছেন।
এ ক্লাবে তিন বছরের চুক্তিতে যোগ দিলেন ম্যানিশ। তবে উভয় ক্লাবই ম্যানিশের বদলি ফির পরিমাণটি এখন পর্যন্ত গোপন রেখেছে।
২৮ বছর বয়সী ম্যানিশ এবারের বিশ্বকাপ সেমিফাইনাল ছাড়াও ২০০৪ সালে পর্তুগিজের হয়ে ইউরো কাপের ফাইনালে অংশ নেন। দিনামোর অধীনে থেকেও এবছর জানুয়ারিতে ম্যানিশ চেলসির হয়ে কয়েকটি ম্যাচ খেলেন। ম্যানিশ এ বছর ইংলিশ লীগে খেলতে আগ্রহী থাকলেও বৃটিশ ক্লাবগুলোর কাছে বদলি ফি হিসেবে ডায়নামো মস্কো অনেক বেশি অর্থ দাবি করায় ইংল্যান্ডের ক্লাবগুলো শেষ পর্যন্ত ম্যানিশের ব্যাপারে আগ্রহ হারিয়ে ফেলে।
জানা যায়, ম্যানিশের ছেড়ে যাওয়া ক্লাব ডায়নামো মস্কো ম্যানিশকে ছাড় দেওয়ার বিনিময়ে ১ কোটি ২০ লাখ ইউরো (প্রায় ১০০ কোটি টাকা) দাবি করে। ম্যানিশ শেষ পর্যন্ত মাদ্রিদে যোগ দিলেও ফ্রান্সের মোনাকো ফুটবল ক্লাবও ম্যানিশকে দলে ভেড়াতে চেষ্টা করেছিল বলে জানা যায়।
এদিকে শুধু ম্যানিশকে দলে ভিড়িয়েই বসে নেই এ্যাটলেটিকো মাদ্রিদ। এবারের লীগে তাদের শক্তি বাড়াতে আর্সেনালের উইঙ্গার জোসে এ্যান্টোনিও রেইসকেও দলে ভেড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে মাদ্রিদ।
