আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে বাংলাদেশের ক্রিকেটাররা
ভারতে অক্টোবর- নভেম্বরে অনুষ্ঠেয় আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে অংশগ্রহণের জন্য বাংলাদেশ ক্রিকেট দল শারীরিক এবং মানসিকভাবে প্রস্তুতি নিতে শুরু করেছে।
ক্যাম্পের প্রথম দিনে মোহাম্মদ আশরাফুল, অলোক কাপালি এবং নতুন ব্যাটসম্যান মেহরাব হোসেন জুনিয়র ব্যতিত প্রাথমিকভাবে নির্বাচিত ১৮ জনের বাকী সবাই সহকারী কোচ পল চ্যাপম্যানের অধীনে মিরপুর ইনডোর ক্রিকেট কমপ্লেক্সে আধঘন্টার জন্য ফুটবল খেলার পর দৌড়ের অনুশীলন করেন। কোচ ডেভ হোয়াটমোর তার পরিবারে সাথে দেখা করার জন্য বর্তমানে শ্রীলংকায় অবস্থান করছেন। বৃহস্পতিবার তার বাংলাদেশে ফেরার কথা রয়েছে।
মোহাম্মদ আশরাফুল বর্তমানে রেইনহিল ক্রিকেট ক্লাবের হয়ে কাউন্টি ক্রিকেট খেলার জন্য লন্ডন অবস্থান করছেন। মেহরাব হোসেন জুনিয়র বর্তমানে বিসিবি একাডেমী দলের অধিনায়ক হিসেবে পাকিস্তান সফরে রয়েছেন। অপর ক্রিকেটার কাপালি অসুস্থাতার জন্য প্রথম দিনের প্রাকটিসে যোগ দিতে পারেননি।
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ ৭ অক্টোবর শ্রীলংকার বিরুদ্ধে প্রথম খেলায় অংশ নেবে। ১১ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এবং ১৩ অক্টোবর জিম্বাবুয়ের বিরুদ্ধে মাঠে নামবে বাংলাদেশ।
এদিকে অধিনায়ক হাবিবুল বাশার তার আঙ্গুলের ইনজুরি সত্ত্বেও প্রথম দিনের প্রাকটিসে যোগ দিয়েছেন। প্রাথমিক দল নির্বাচনে এবং নতুন মুখ মেহরাব হোসেন জুনিয়রের দলে অন্তর্ভুক্তিতে তিনি সন্তুষ্ট বলে জানান।
প্র্রশিক্ষণের মধ্যে ছোট্ট এক অবসরে বাশার বলেন,‘প্রাথমিক এই দলে নতুন মুখ মেহরাবের আগমনে আমি বেশ সন্তুষ্ট। মেহরাব বেশ কয়েকবছর ধরেই ভালো ক্রিকেট খেলছে’। জাতীয় দলে নতুন মুখের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে বাশার বলেন, ‘জাতীয় দলে মেহরাবের অন্তর্ভূক্তি তাকে আরো পরিপক্ক ক্রিকেটার হিসেবে গড়ে তুলবে’।
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির শেষ আটে খেলার জন্য বাংলাদেশকে প্রথমে কোয়ালিফাইং রাউন্ডে শ্রীলংকা, ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবুয়ের বিরুদ্ধে খেলতে হবে। বাশার অবশ্য আশা প্রকাশ করে বলেছেন, বাংলাদেশের শেষ আটে খেলার সমূহ সম্ভাবনা রয়েছে।
তিনি বলেন, ‘বোলিং, ব্যাটিং আর ফিল্ডিংয়ে আমরা যদি ভালো পারফরমেন্স করতে পারি তাহলে আমরা চূড়ান্ত পর্যাযে উঠতে পারবো। এর আগে আমাদের আত্মবিশ্বাসের ঘাটতি থাকলেও বর্তমানে আমরা যে কোনো বড় দলকে হারতে পারি বলে বিশ্বাস করি’।
তিনি প্রাকটিসে যোগ দিলেও শেষপর্যন্ত আইসিসি ট্রফিতে খেলতে পারবেন কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহের অবকাশ রয়েছে। তার আঙ্গুলে অস্ত্রোপচার করতে হবে কিনা সেই সিদ্ধান্তের উপরই তার খেলা নির্ভর করছে।
বাশার বলেন, ‘আমি ইনজুরিতে পড়ার পর আমাকে ছয় সপ্তাহের বিশ্রাম নিতে বলা হয়েছে। এই সময় পূরণ হতে এখোনো দুই সপ্তাহ বাকি রয়েছে। সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে চিকিৎসকরা আমার আঙ্গুল পরীক্ষা করে দেখবেন। চিকিৎসকরা ইতিমধ্যেই জানিয়েছেন আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির পর আঙ্গুলে অস্ত্রোপচার করলে কোনো সমস্যা হবার কথা নয়। তবে আমি ব্যাক্তিগতভাবে অনেক সুস্থ বোধ করছে এবং আইসিসি ট্রফি খেলার বিষয়ে আমি আশাবাদী’।
বাশার অবশ্য আইসিসি ট্রফি খেলার পরই আঙ্গুলের অস্ত্রোপচার করতে চান বলে জানান। তবে তিনি যদি আইসিসি ট্রফির পর আঙ্গুলের অস্ত্রোপচার করেন, তাহলে ডিসেম্বরে দেশের মাটিতে জিম্বাবুয়ের বিরুদ্ধে সিরিজ খেলার আশা ছাড়তে হবে তাকে।
ক্যাম্পে ক্রিকেটাররা প্রথম সাতদিনে ফিটনেস প্রাকটিস করবেন এবং পরবর্তীতে ব্যাটিং ও বোলিং এবং ফিল্ডিং প্রাকটিস করবেন। তবে বাশার ১৪ সেপ্টেম্বরের আগে চিকিৎসকের পরামর্শ ছাড়া এই প্রাকটিস সেশনে যোগ দিতে পারবেন না।
