২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাশেজ সিরিজের জন্য সেরা আম্পায়ারিং দাবি করলেন রিকি পন্টিং

ওভালে বল টেম্পারিংকে কেন্দ্র করে পাকিস্তান এবং ইংল্যান্ডের শেষ টেস্টটির অপমৃত্যু ঘটানোর পর অস্ট্রেলিয় আম্পায়ার ড্যারেল হেয়ার তার স্বদেশী অনেক ক্রিকেট বিশেষজ্ঞ, সাবেক আম্পায়ার ও ক্রিকেটার এবং জাতীয় দলের অনেক ক্রিকেটারেরই জোর সমর্থন পেয়েছিলেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2006, 08:30 PM

Updated : 26 Apr 2022, 03:53 PM

কিন্তু ৫ লাখ ডলারের বিনিময়ে আইসিসি এলিট প্যানেল থেকে অবসর নিয়ে আম্পায়ারিং ছেড়ে দেবার আকাঙ্খায় তিনি ম্যালকম স্পিডকে যে ই-মেইলটি করেছেন তার বদৌলতে অনেক অস্ট্রেলিয় ক্রিকেটারের সমর্থন হারিয়েছেন হেয়ার। আসন্ন অ্যাশেজ সিরিজকে কেন্দ্র করে সেরা আম্পায়ারদের দিয়ে টেস্ট পরিচালনার দাবি তুলে অস্ট্রেলিয় অধিনায়ক রিকি পন্টিংও যেন হেয়ারের প্রতি তার সমর্থনকে তুলে নিলেন।

পন্টিং দাবি করেছেন, আম্পায়ার ব্রিটিশ কিংবা অস্ট্রেলিয় যে দেশেরই হোক, জাতীয়তার বাছবিচার না করে আইসিসির এলিট প্যানেলের সেরা আম্পায়ারদের দিয়েই যেন এবারের অ্যাশেজ সিরিজ পরিচালনা করা হয়। কিন্তু পন্টিং বোধহয় এসময় ভুলেই গিয়েছিলেন যে, আইসিসির অতি প্রতিষ্ঠিত নিয়মানুযায়ী টেস্ট ক্রিকেটে নিরপেক্ষ দেশের আম্পায়াররাই মাঠ পরিচালনা করে থাকেন।

রিকি পন্টিং সাংবাদিকদের বলেন, ‘ক্রিকেট ভক্তরা সবাই ভালো করেই জানে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার জন্য নভেম্বরের অ্যাশেজ সিরিজ কোনো হেলাফেলার বিষয় নয়। পৃথিবীর তাবৎ ক্রিকেটপ্রেমী এই সেরা দল দুটির লড়াই উপভোগ করবে। আর এই খেলার আম্পায়ারিং নিয়ে যেন কোনো কেলেঙ্কারি না হয় সেজন্য বর্তমান পৃথিবীর সেরা আম্পায়ারদের দিয়ে মাঠ পরিচালনা করলে আমরা খুশী হবো’।

পন্টিং আরো জানান, আইসিসির এলিট প্যানেলের সেরা আম্পায়াররা পাকিস্তানিই হোন আর অস্ট্রেলিয় বা ব্রিটিশই হোন, তারা যদি নিখুঁতভাবে মাঠ সামলাতে পারেন তাহলে অস্ট্রেলিয়া দলের পক্ষ থেকে কোনোরকম আপত্তি থাকবেনা।

এদিকে রিকি পন্টিং সেরা আম্পায়ারদের দিয়ে খেলা পরিচালনার দাবি তুললেও অস্ট্রেলিয় ক্রিকেট বোর্ড এ বিষয়ে আইসিসির কাছে নীতিগত কোনো দাবী উপস্থাপন করেনি। তবে অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড ‘ক্রিকেট অস্ট্রেলিয়ার’ প্রধান যোগাযোগ কর্মকর্তা পিটার ইয়ং পন্টিংয়ের সাথে সুর মিলিয়ে অ্যাশেজ সিরিজ পরিচালনার জন্য আইসিসির এলিট প্যানেলের সেরা দুই আম্পায়ার নিয়োগের দাবি জানান।

সবচেয়ে মজার বিষয়, বিতর্কের অবকাশ থাকলেও বর্তমানে আইসিসির এলিট প্যানেলের সেরা দুই আম্পায়ারই অস্ট্রেলিয়। একজন হলেন সিমন ট্যফেল এবং দ্বিতীয়জন ওভাল কেলেঙ্কারীর মূল নায়ক ড্যারেল হেয়ার(!)

এ বিষয়ে আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ম্যালকম স্পিড অস্ট্রেলিয়াকে আশ্বস্ত করে জানান, আইসিসির এলিট প্যানেলের আম্পায়ারদের মাঠ পরিচালনার মান নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। এলিট প্যানেলে খুব ভালো আম্পায়ারদেরও কোনো কমতি নেই বলে তিনি জানান।