রিয়াল মাদ্রিদের সাথে চুক্তির মেয়াদ বাড়ালেন বেকহ্যাম
বিশ্বকাপে ব্যর্থতার পর ইংল্যান্ড ফুটবল দলে প্রথম যে বড় পরিবর্তনটি আনা হয় তাহলো দীর্ঘদিনের কোচ সভেন এরিকসনের বদলে স্টিভ ম্যাক্লারেনের নতুন কোচ হিসেবে নিয়োগ।
এবার ম্যাকক্লারেন খুব অল্পদিনেই দলের যে পরিবর্তন আনলেন তাতে শুধু ইংল্যান্ডের সমর্থকরাই নন, পৃথিবীর অনেক ফুটবল ভক্তেরই মর্মে আঘাত পাওয়ার কথা। তবে ফুটবল বিশেষজ্ঞরা এই পরিবর্তনকে ইংল্যান্ডের ফুটবলের ভবিষ্যতের জন্য একটি সঠিক পদক্ষেপ বলেই মনে করছেন। ম্যাকক্লারেন যেটি করলেন, ইংল্যান্ডের সবচেয়ে জনপ্রিয় এবং আলোচিত অধিনায়ক ডেভিড বেকহ্যামকে দল থেকে পুরোপুরি বাদ দিয়ে জন টেরিকে নতুন অধিনায়ক করে ইংল্যান্ড দল ঘোষণা করলেন।
বেকহ্যাম এতে আঘাত পেলেও একেবারে ভেঙ্গে পড়েননি। কেননা কোচ ম্যাকক্লারেন তার এই সিদ্ধান্তের কথা দল ঘোষণার আগের দিনই বেকহ্যামকে জানিয়ে তার মতামত নিয়েছিলেন। কোচের সিদ্ধান্ত মেনে নিয়ে ৩১ বছর বয়সী বেকহ্যাম বলেছিলেন, জাতীয় দলে নিজ যোগ্যতায় ফিরে আসার জন্য তিনি তার চেষ্টা অব্যাহত রাখবেন। আর সেই আশাতেই স্প্যানিশ লীগের মাঠ মাতাতে বেকহ্যাম তার পুরনো ক্লাব রিয়াল মাদ্রিদের সাথে আরো দুটি বছর থাকার জন্য চুক্তিবদ্ধ হলেন।
রিয়াল মাদ্রিদের সাথে বেকহ্যামের চুক্তির পর রিয়ালের প্রেসিডেন্ট রেমন ক্যালডেরন বলেন, ফুটবলকে বেকহ্যামের এখনো অনেক কিছু দেবার আছে বলে আমরা বিশ্বাস করি। সে কারণেই জাতীয় দলে তার অবস্থান বিবেচনা না করে আমরা পুনরায় তাকে ২০০৯ সাল পর্যন্ত চুক্তিবদ্ধ করেছি।
বেকহ্যাম ২০০৩ সালে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে ২৪ দশমিক ৫ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে স্প্যানিশ ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দিলেন। তবে এই তিনটি বছর রিয়ালের হয়ে ফুটবল খেলা চালিয়ে গেলেও বেকহ্যাম যাদুতে রিয়াল এ পর্যন্ত বড় কোনো শিরোপা জয় করতে পারেনি।
