ইনজুরির কারণে ইউএস ওপেনের ফাইনাল থেকে ডেভেনপোর্টের অবসর: জাস্টিন হেনিনের শিরোপা জয়
বিশ্ব টেনিস র্যাঙ্কিংয়ের ১১ নম্বর মহিলা খেলোয়াড় মার্কিন যুক্তরাষ্ট্রের লিন্ডসে ডেভেনপোর্ট প্রথম ও শেষবারের মতো ইউএস ওপেন জিতেছিলেন ১৯৯৮সালে।
এবারের আসরের ফাইনালে উঠবার পর শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদীও ছিলেন। কিন্তু ইনজুরি তার সেই স্বপ্ন পূরণ হতে দিল না।
ইউএস ওপেন টেনিস চ্যাম্পিয়নশীপের ফাইনালে ডেভেনপোর্ট ডান কাঁধে ব্যথা পেয়ে মাঠ ছাড়লে ৩ নম্বর সেরা বাছাই বেলজিয়ামের জাস্টিন হেনিন হার্ডিন ইউএস ওপেন শিরোপা জিতে নেন। এ নিয়ে এবারের উইম্বলডন রানার আপ হেনিন-হার্ডিন এই মৌসুমে পঞ্চম শিরোপা জয় করলেন।
ফাইনালে খেলা থেকে অবসর নিয়ে ডেভেনপোর্ট জানান, টুর্নামেন্টের শুরু থেকেই কাঁধের ব্যথায় ভুগছিলেন তিনি। পিঠে ব্যথার কারণে সম্প্রতি দীর্ঘ পাঁচ মাস কোর্টের বাইরে ছিলেন তিনি। তবে এই ইনজুরি থেকে ফিরেই আরেকটি গ্রান্ড স্ল্যাম জয়ের পথে অনেকটাই এগিয়ে গিয়েছিলেন ডেভেনপোর্ট। কিন্তু ফাইনালের দিনে এই ব্যথা তার কাঁধ থেকে হাতে এমনকি কব্জিতে ছড়িয়ে পড়লে মাত্র ২২ মিনিটেই প্রথম সেট হেরে যান তিনি। দ্বিতীয় সেটের শুরুতে কাঁধে ব্যান্ডেজ নিয়ে খেলতে নামতে হয় তাকে। কিন্তু ব্যথার কারণে দ্বিতীয় সেটের প্রথম গেমের পরই খেলা থেকে সরে দাঁড়ানের সিদ্ধান্ত নেন তিনি।
এদিকে পুরুষদের একক ফাইনালে রাশিয়ার নিকোলাই ডেভিডেঙ্কো আর্জেন্টিনার ১০ নম্বর সেরা বাছাই অগাস্টিন ক্যালেরিকে টানা ৬--৪ ও ৬--৩ সেটে হারিয়ে বছরের তৃতীয় শিরোপা জিতে নিয়েছেন।
