২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এস এ ফুটবলে ব্যর্থ বাংলাদেশ ফুটবল দল দেশে ফিরেছে

শ্রীলংকার কলম্বোয় অনুষ্ঠিত দশম এস এ গেমসের ফুটবল প্রতিযোগিতায় বাদ পড়া বাংলাদেশ অনুর্ধ্ব -২৩ দল দেশে ফিরেছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2006, 10:20 PM

Updated : 26 Apr 2022, 03:53 PM

১৯৯৯ আসরের সাফ গেমস চ্যাম্পিয়ন বাংলাদেশ এবারের আসরে ভারতের কাছে ২--১ গোলে হেরে সেমিফাইনালে উঠতে ব্যর্থ হয়। এর আগে আর্জেন্টাইন কোচ আন্দ্রেস ক্রুসিয়ানির বাংলাদেশ নেপালের সাথে ১ - ১ গোলে এবং আফগানিস্তানের সাথে গোল শূণ্য ড্র করে।

এদিকে আন্দ্রেস ক্রুসিয়ানি তার ১৩ মাসের চুক্তি শেষে বুয়েন্স আয়ার্স-এর উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করেছেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ক্রুসিয়ানির সাথে নতুন করে কোনো চুক্তি না করায় তিনি দেশে ফিরে গেলেন।

বিদায়কালে জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরে ক্রুসিয়ানি বলেন, ‘অন্য যে কাউকেই জাতীয় দলের কোচ নির্বাচিত করার অধিকার বাংলাদেশের রয়েছে। আমার প্রশিক্ষণে বাংলাদেশ জাতীয় দল চারটি বড় ধরনের প্রেিতযোগিতায় অংশ নিয়ে একটিতেও চ্যাম্পিয়ন হতে পারেনি। তবে আমার অধীনে বাংলাদেশ থাইল্যান্ড এবং পাকিস্তানের ফুটবল আসরে  রানার্স- আপ হয়’।

এবারের আসরে ব্যর্থতার কারণ হিসেবে ক্রুসিয়ানি দূর্বল আক্রমণ ভাগকেই দায়ী করেছেন। আফগানিস্তানের বিরুদ্ধে বাংলাদেশ যে সুযোগগুলো পেয়েছে তাতে অন্ততপক্ষে ৫ টি গোল করা উচিত ছিল স্ট্রাইকারদের। কিন্তু স্ট্রাইকাররা কোনো গোল করতে ব্যর্থ হন বলে উল্লেখ করেন তেতাল্লিশ বছর বয়সী এই আর্জেন্টাইন।

ক্রুসিয়ানি আক্ষেপের সুরে বলেন, ভারতের বিরুদ্ধে বাংলাদেশ প্রথমার্দেই দুটি গোল খেয়ে বসে। দ্বিতীয়ার্ধের অনেকগুলো আক্রমণ থেকে স্ট্রাইকাররা একটি গোল শোধ করলেও খেলায় ফিরে আসতে পারেনি বাংলাদেশ।

এক প্রশ্নের জবাবে ক্রুশিয়ানি জানান, তিনি ঢাকার কোনো ফুটবল ক্লাবের কাছ থেকে এখনো পর্যন্ত কোচ হবার প্রস্তাব পাননি। তবে এ ধরনের কোন প্রস্তাব পেলে তিনি তা গুরুত্বের সাথে বিবেচনা করে দেখবেন বলে জানান।

বাংলাদেশের অধিনায়ক ফিরোজ মাহমুদ টিটো অবশ্য পরাজয়ের কারণ হিসেবে দলের সমন্বয়হীনতাকেই দায়ী করেছেন। টিটো বলেন, ‘শারীরিকভাবে আমাদের প্রস্তুতি থাকলেও আমরা মাত্র দুটি প্রাকটিস ম্যাচ খেলেছি যা আমাদের জন্য মোটেই যথেষ্ট ছিল না। এই স্বল্প সময়ে দলের নতুন নতুন খেলোয়াড়রা একজন অন্যজনের সাথে কোনোপ্রকার মানসিক ঐক্যই গড়ে তুলতে পারিনি’।