অ্যাশেজ সিরিজের জন্য প্রস্তুতি শুরু করেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল
ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যেকার ঐতিহ্যবাহী অ্যাশেজ সিরিজের এখনো তিন মাস বাকী। এর মধ্যেই গতবারের পরাজিত দল অস্ট্রেলিয়া তাদের হারানো সম্মান পুনরুদ্ধারের জন্য সবরকম প্রস্তুতি নিতে শুরু করেছে। তবে এই প্রন্তুতির ধরনটা বরাবরের মতোই একটু অন্যরকম।
এই যেমন তারা এখন টেস্ট ক্রিকেটের সাদা পোশাক ছেড়ে সেনাবাহিনীর জলপাই রঙের পোষাকে, কাঁধে ৩৫ কিলোগ্রাম ওজন নিয়ে কুইন্সল্যান্ডের বনের মধ্যে দৌড়ে বেড়াচ্ছে। ব্যাপারটা কেমন অদ্ভূত ঠেকছে না !
চারদিনের এই প্রশিক্ষণ শিবিরে অধিনায়ক রিকি পন্টিং এবং স্পিনার শ্যেন ওয়ার্নসহ প্রাথমিকভাবে নির্বাচিত অস্ট্রেলিয় দলের ২৫ জন ক্রিকেটার কুইন্সল্যান্ডের ব্রিসবেনের বিরওয়াহ স্টেট বনে এই কঠোর প্র্রশিক্ষণ গ্রহণ করছেন। এই ২৫ জন ক্রিকেটারকে চারটি ভাগে ভাগ করে প্রত্যেকের কাঁধে ৩৫ কিলোগ্রাম করে ওজন ঝুলিয়ে দেওয়া হয়েছে।
ছত্রিশ বছর বয়সী অস্ট্রেলিয় স্পিনার শ্যেন ওয়ার্ন বলেন, ‘এই প্রশিক্ষণ ক্যাম্পের মধ্য দিয়ে আমরা আমাদের টিম স্পিরিটকে আরো জোরালো করার চেষ্টা করছি। একমাত্র ক্যাম্প শেষেই বোঝা যাবে যে আমরা এই প্রশিক্ষণ থেকে কতুটুকু উপকার পেয়েছি’।
অস্ট্রেলিয়ার কোচ জন বুকানন এধরনের প্রশিক্ষন ক্যাম্পে খুশী হয়ে বলেন, ‘আমি বিশ্বাস করি যে ক্রিকেটারদের মধ্যে আত্মবিশ্বাস তৈরী করার অন্যতম উপায় হলো তাদেরকে ক্রিকেটের বাইরে নিয়ে যাওয়া এবং যে বিষয়ে তারা পুরোপুরি অনভ্যস্ত এমন কিছুর মধ্যে তাদের ছেড়ে দেওয়া। এই ক্যাম্পের মধ্য দিয়ে ক্রিকেটাররা তাদের অতি পরিচিত ক্রিকেটের বাইরে এসে নিজেদের আত্মবিশ্বাস এবং মানসিক শক্তি বৃদ্ধি করার সুযোগ পাবে’।
অস্ট্রেলিয়ার মিডিল অর্ডার ব্যাটসম্যান ডেমিয়েন মার্টিন তার স্ত্রীর অসুস্থতার কারণে প্রথম দিনের ক্যাম্পে অংশ নিতে পারেননি। তবে ক্যাম্পের দ্বিতীয় দিনে দলের সাথে তার যোগ দেবার কথা রয়েছে।
নভেম্বরের ২৩ তারিখে ব্রিসবেনে প্রথম টেস্টের মধ্য দিয়ে অ্যাশেজ শুরু হবে। এর আগে অস্ট্রেলিয়া দল মালয়েশিয়ায় অনুষ্ঠিতব্য একদিনের ক্রিকেটের সিরিজে এবং ভারতে অনুষ্ঠিতব্য আইসিসি ট্রফিতে অংশগ্রহণ করবে।
