আট বছরের জন্য নিষিদ্ধ হলেন অলিম্পিক বিজয়ী দৌড়বিদ গ্যাটলিন
নিষিদ্ধ বলবর্ধক মাদক সেবনের দায়ে অলিম্পিক বিজয়ী মার্কিন দৌড়বিদ জাস্টিন গ্যাটলিনকে আট বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের মাদক বিরোধী সংস্থা ইউ এস এ্যান্টি ডোপিং এজেন্সী (ইউএসএডিএ)।
এদিকে গ্যাটলিন ডোপিং টেস্টে পজিটিভ হওয়ার পর খেলাধূলার জগতকে মাদকমুক্ত করার অঙ্গীকার করে ইউএসএডিএকে সব ধরনের সাহায্য করতে রাজী হয়েছেন। কিন্তু তাতেও শেষরক্ষা হচ্ছে না গ্যাটলিনের। ১০০ মিটার দৌড়ে জ্যামাইকার দৌড়বিদ আশাফা পাওয়েলের সাথে ৯ দশমিক ৭৭ সেকেন্ডের যে বিশ্ব রেকর্ড তিনি গড়েছিলেন ইউএসএডিএ এর পরবর্তী শুনানিতে সেটি কেড়ে নেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
জাস্টিন গ্যাটলিন এ বছর এপ্রিলে কানসাস রিলে প্রতিযোগিতায় অংশগ্রহণের পর নিষিদ্ধ মাদক গ্রহণের দায়ে অভিযুক্ত হন। তার রক্তে শক্তিবর্ধক পুরুষ হরমোন টেস্টোস্টেরনের আধিক্য পাওয়া গেলে তার মাদক সেবনের বিষয়টি প্রমাণিত হয়। এই নিয়ে তার রক্তে দুইবার নিষিদ্ধ মাদকের উপস্থিতি ধরা পড়লো। এর ফলে গ্যাটলিন বেন জনসনের মতো আজীবনের জন্য নিষিদ্ধ হতে পারেন বলে আশংকা করা হচ্ছে। কিন্তু মজার বিষয় যে এতকিছুর পরও গ্যাটলিন স্বয়ং তার নিষিদ্ধ মাদক গ্রহণের কথা অস্বীকার করে আসছেন।
গ্যাটলিনের আইনজীবীজন কলিন্স জানান, ২৪ বছর বয়সী এই দৌড়বিদের শাস্তির পরিমাণ আট বছর থেকে কমিয়ে আনার জন্য তিনি আপীল করবেন। তিনি আশা প্রকাশ করে বলেন, ‘এর আগেরবার আমি যখন গ্যাটলিনের পক্ষে লড়েছি তখন প্রমাণিত হয়েছে যে গ্যাটলিন নিষিদ্ধ মাদক গ্রহণ করেননি এবং বিশ্ব এ্যাথলেটিকসকে প্রতারিত করারও চেষ্টা করেননি। বিচার শেষে এবারও হয়তো তিনি নির্দোষই প্রমাণিত হবেন’।
গ্যাটলিন ২০০১ সালে প্রথমবারের মতো নিষিদ্ধ মাদক এ্যাম্ফিট্যামাইন সেবনের দায়ে দুই বছরের জন্য বহি®কৃত হন। গ্যাটলিন অবশ্য দাবী করেছিলেন যে, তিনি মনোসংযোগ সংক্রান্ত জটিলতার কারণে বিগত দশ বছর ধরে ওষুধ হিসেবে এই এ্যাম্ফিট্যামাইনসমৃদ্ধ ট্যাবলেট গ্রহণ করে আসছেন।
তবে শাস্তির এক বছর পর গ্যাটলিন ইচ্ছাকৃত এই মাদক নেননি সেটি প্রমাণিত হওয়ায় আন্তর্জাতিক এ্যাথলেটিকস ফেডারেশন (আইএএএফ) তার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়। সেসময় আইএএএফ তাকে ভবিষ্যতে যে কোনো নিষিদ্ধ মাদক গ্রহণ থেকে বিরত থাকার আহবান জানিয়ে এই বলে সতর্ক করে দেয় যে পুনরায় ডোপিং টেস্টে ধরা পড়লে তাকে আজীবনের জন্য বহিষ্কার করা হবে।
