২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বল টেম্পারিংয়ের অঘটনে জড়িয়ে গেলেন ব্রিটিশ কোচ ডানকান ফ্লেচার

বল টেম্পারিংয়ের অঘটনে জড়িয়ে গেলেন ব্রিটিশ কোচ ডানকান ফ্লেচারও। অস্ট্রেলিয়ান আম্পায়ার ড্যারেল হেয়ার ও বিলি ডকট্রোভ পাকিস্তানের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ এনে এবং পরবর্তীতে পাকিস্তান খেলতে অস্বীকৃতি জানানোয় ইংল্যান্ডকে জিতিয়ে দিয়ে যে নজীরবিহীন অঘটন ঘটিয়েছেন তাতে তার নামটিও বেশ জোরেশোরেই উচ্চারিত হচ্ছে এখন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2006, 08:41 PM

Updated : 26 Apr 2022, 03:52 PM

রোববার দিনের শুরুতে ব্রিটিশ কোচ ডানকান ফ্লেচার ম্যাচ রেফারি মাইক প্রোক্টরের সাথে সাক্ষাৎ করেছেন এমন তথ্য বেরিয়ে আসার পর থেকেই বল টেম্পারিংয়ের ক্ষেত্রে হেয়ারের সিদ্ধান্তের সাথে ফ্লেচারের যোগসাজশ রয়েছে বলে অনেকেই মনে করছেন।   

ইংল্যান্ড ও ওয়েলসের ক্রিকেট বোর্ড তাদের এক বিবৃতিতে ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছে যে মাইক প্রোক্টরের সাথে ডানকান ফ্লেচারের সাক্ষাৎ হলেও বলের বিষয়ে তাদের মধ্যে কোনো আলোচনা হয়নি।

রোববার সকালে ফ্লেচার যখন মাইকের মাথে দেখা করেন তখন পাকিস্তান তাদের দ্বিতীয় ইনিংসের জন্য নির্ধারিত বল দিয়ে শনিবার দিনশেষে ১৮ ওভার বল করে ফেলেছে। আর ৫৬ তম ওভারে পাকিস্তানের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ আনা হয়। এসব বিবেচনা করে ইংল্যান্ডের সাবেক ফাস্ট বোলার এ্যাগনাস ফ্রেজার মনে করছেন ইংল্যান্ডকে বিজয়ী ঘোষণা করার ক্ষেত্রে মাইকের সাথে ফ্লেচারের সাক্ষাতের সময়টি আসলেই খুব গুরুত্বপূর্ণ। এ্যাগনাস ফ্রেজার তার এই বক্তব্যের মধ্য দিয়ে মূলত ফ্লেচারের দিকেই তার অঙ্গুলী নির্দেশ করেছেন।

ইংল্যান্ড বোর্ডের মুখপাত্র অবশ্য এরকম গুজবকে একদমই উড়িয়ে দিয়ে বলেছেন, খেলা চলার সময় একজন ম্যাচ রেফারির কাছে বারবার পৌঁছানো এবং তার সিদ্ধান্তকে প্রভাবিত করা সম্ভব নয়। ম্যাচ রেফারির কাছে একজন কোচের যদি কোনো কিছু বলার বা জানার থাকে তবে খেলার শুরুতে কিংবা শেষে তা করা যেতে পারে। ফ্লেচার সেক্ষেত্রে খেলার শুরুতেই তার কাজটি সেরেছেন।

এদিকে পাকিস্তান ক্রিকেট বোর্ড ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ খেলতে প্রস্তুত বলে জানালেও হেয়ারকে ম্যাচের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার দাবী জানিয়েছে।