ড্রাগ টেস্টে ধরা পড়ে মারিওন জোন্স অবাক
শক্তিবর্ধক মাদক নেওয়ার দায়ে সম্প্রতি আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসা মার্কিন এ্যাথলেটদের তালিকার সর্বশেষ সংযোজন মহিলা দৌড়বিদ মারিওন জোন্স।
২০০০ সালের সিডনি বিশ্ব অলিম্পিকে তিনটি স্বর্ণ জেতা মারিওন জোন্স এবছর জুনে অনুষ্ঠিত ইউএস চ্যাম্পিয়নশীপের ড্রাগ পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারায় তার বিরুদ্ধে শক্তিবর্ধক নিষিদ্ধ মাদক সেবনের অভিযোগ ওঠে।
শুক্রবার এক পরীক্ষায় জোন্সের রক্তে শক্তিবর্ধক এরিথ্রোপোয়েটিন (ইপিও) এর উপস্থিতি পাওয়ার চারদিন পর এই প্রথম মারিওন জোন্স তার মুখ খুলেছেন।
ত্রিশ বছর বয়সী জোন্স তার আইনজীবী হাওয়ার্ড জ্যাকবসের মাধ্যমে এক লিখিত বক্তব্যে জানান যে, ইউএস চ্যাম্পিয়নশিপে মাদক নেওয়ার দায়ে অভিযুক্ত করায় তিনি খুবই অবাক হয়েছেন এবং ভেঙ্গে পড়েছেন। পুনরায় নিশ্চিত হতে তিনি ‘স্যাম্পল বি’ পরীক্ষা করতে কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছেন।
কর্তৃপক্ষ জানিয়েছে জোন্সের স্যাম্পল বি এর পরীক্ষা করতে আরো দুই সপ্তাহ সময় লাগবে। সুতরাং বিষয়টি নিশ্চিত হতে হলে সবাইকে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হবে।
২৩ জুন ইউএস চ্যাম্পিয়নশীপের ১০০ মিটার দৌড়ের পর মারিওন জোন্স পরীক্ষর জন্য মুত্র নমুনা জমা দেন। দুই মাস ধরে তার এই মুত্র পরীক্ষা করে রক্তে শক্তিবর্ধক ইপিও গ্রহনের বিষয়টি ধরা পড়ে।
এর আগে ১০০ মিটার দৌড়ে অলিম্পিক এবং বিশ্ব চ্যাম্পিয়ন মার্কিন দৌড়বিদ জাস্টিন গ্যাটলিন এবং ট্যুর ডি ফ্রান্স বিজয়ী মার্কিন সাইক্লিস্ট ফ্লয়েড ল্যান্ডিস নিষিদ্ধ শক্তিবর্ধক টেষ্টোস্টেরোন গ্রহনের দায়ে অভিযুক্ত হন।
