জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপে খুলনা ৫-০ গোলে হারিয়েছে জয়পুরহাটকে
সিলেট স্টেডিয়ামে যুবক ফোন জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপের চূড়ান্ত পর্বের খেলায় খুলনা জেলা ৫--০ গোলের বিশাল ব্যবধানে জয়পুরহাট জেলাকে পরাজিত করেছে।
খেলার শুরু থেকেই খুলনা জেলা পুরো মাঠ নিয়ন্ত্রনে রেখে খেলতে শুরু করে। খেলার ২৯ মিনিটে খুলনা জেলার স্ট্রাইকার মামুন গোল করে দলকে এগিয়ে নিয়ে যান। প্রথম গোলের ১০ মিনিট পর প্রাণতোষ দলের দ্বিতীয় গোলটি করেন।
দ্বিতীয়ার্ধের খেলায়ও জয়পুরহাট জেলা খুলনা জেলার বিরুদ্ধে কোনোরকম প্রতিরোধ গড়ে তুলতে ব্যর্থ হয়। খেলার ৫৯ মিনিটে খুলনার লুৎফর রহমান দলের পক্ষে তৃতীয় গোলটি করেন। ৭১ মিনিটে চতুর্থ গোলটি করেন খুলনার অপর স্ট্রাইকার রিপন। এর পরপরই পঞ্চম ও শেষ গোলটি করেন খেলার ম্যান অব দ্যা ম্যাচ প্রাণতোষ।
মঙ্গলবার ঢাকা জেলা বাংলাদেশ নৌ-বাহিনীর মুখোমুখি হবে।
