২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইনজামামের না খেলার সিদ্ধান্তকে সমর্থন জানালেন নাসির হুসেন

ইংল্যান্ডের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাসির হুসেন পাকিস্তানের বিরুদ্ধে আম্পায়ার ড্যারেল হেয়ারের বল টেম্পারিংয়ের অভিযোগ আনার পর পাকিস্তানের অধিনায়ক ইনজামাম - উল হকের মাঠে না নামার সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2006, 07:16 PM

Updated : 26 Apr 2022, 03:52 PM

নাসির হুসেন বলেন, আম্পায়ার ড্যারেল হেয়ার এখনও পর্যন্ত সফরকারী পাকিস্তান দলের বল টেম্পারিংয়ের অভিযোগকে প্রমাণ করতে পারেননি। লন্ডনের ‘ডেইলী মেইল’ পত্রিকায় নাসির হোসেন ড্যারেল হেয়ারের প্রতি এক ধরনের প্রশ্ন রেখে বলেন, হেয়ার  কি আসলেই পাকিন্তানের কোনো বোলারকে বল টেম্পারিং করতে দেখেছেন? আসলেই কি হেয়ারের কাছে কোন প্রমাণ আছে? তা যদি নাই থেকে থাকে তাহলে তিনি মস্ত বড় একটা ভুল করে বসেছেন।

নাসির আরো বলেন, ‘ইনজামামের মতো একই অবস্থা আমার হলে এবং নিজেদের সততার বিষয়ে নিশ্চিত থাকলে পাকিস্তান দল যা করেছে আমিও ঠিক তাই করতাম। আমিও ইনজামামের মতো চা বিরতির পর মাঠে নামতাম না’।

নাসের বলেন, ‘অনেক দর্শকই  মনে করছেন যে পাকিস্তানের শেষ পর্যন্ত খেলা চালিয়ে যাওয়া উচিত ছিল এবং যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে বিষয়টি আইসিসিকে জানানো উচিত ছিল। কিন্তু আমি মনে করি পাকিস্তান যদি খেলতে নামতো তাহলে প্রমাণিত হতো যে বল টেম্পারিংয়ের দোষে আসলেই তারা দোষী’।

পাকিস্তান বল টেম্পারিং এর অভিযোগ প্রত্যাখান করে খেলতে অস্বীকৃতি জানালে ম্যাচ রেফারি মাইক প্রক্টর শেষ টেস্টে ইংল্যান্ডকে বিজয়ী ঘোষণা করেন। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এধরনের শাস্তির বিধান থাকলেও এই প্রথমবারের মতো কোনো দলের বিরুদ্ধে এই শাস্তি কার্যকর করা হলো। ফলে ইংল্যান্ড ৩ - ০ তে টেস্ট সিরিজ জয়লাভ করে।

ইংল্যান্ডের আরেক সাবেক ক্যাপ্টেন মাইক গ্যাটিং বলেছেন, বিতর্কিত আম্পায়ার হিসেবে ড্যারেল হেয়ারকে এই টেস্টে নিযুক্ত না করাই আইসিসি’র উচিত ছিল। 

ড্যারেল হেয়ার ইতিপূর্বে পাকিস্তান দলের সাথে বেশ কযেকবার বিতর্কে জড়িয়ে পড়েছিলেন বলে উল্লেখ করে গ্যাটিং বলেন নিরপেক্ষ আম্পায়ারের বিষয়টি মাথায় রেখে আইসিসি’র উচিত ছিল হেয়ারের পরিবর্তে অন্য কাউকে আম্পায়ার করা।

এদিকে ইংল্যান্ডের সাবেক ফাস্ট বোলার এগনাস ফ্রেজার এই ঘটনার জন্য পাকিস্তান দল এবং আম্পায়ার উভয়কেই দায়ী করছেন। দুইপক্ষের অনড় সিদ্ধান্তকে সমালোচনা করে তিনি বলেন, ‘বল টেম্পারিংয়ের অভিযোগের পর যখন বলটি পরিবর্তন করা হয় তখন পাকিস্তানের অধিনায়ক ইনজামামের সেখানে উপস্থিত থাকা দরকার ছিল’।

আম্পায়ার হেয়ার সম্পর্কে ফ্রেজার বলেন ‘হেয়ার একজন কর্তৃত্বব্যাঞ্জক আম্পায়ার হলেও তার উচিত ছিল বল টেম্পারিংয়ের বিষয়টি নিয়ে পাকিস্তান দলের সাথে আলোচনা করা। কিন্তু তা না করেই এবং পাকিস্তানকে কোন কিছু বলতে দেওয়ার আগেই হেয়ার পাকিস্তানকে দোষী প্রমাণ করে শাস্তি দিয়ে দিয়েছেন। পাকিস্তানের প্রতি আমার পূর্ণ সমবেদনা ছিল। তবে যখন তারা বিষয়টি নিয়ে প্রতিবাদস্বরূপ খেলতে অস্বীকৃতি জানায় তখন আমার সমবেদনা কিছুটা হলেও কমে যায়’।

‘একজন আম্পায়ারের সিদ্ধান্ত ঠিক না ভুল তার থেকেও বড় বিষয় হলো তারা মাঠের সর্বসময় কর্তা এবং ক্রিকেটাররা মাঠের মধ্যে কোনোমতেই তাদের সিদ্ধান্তকে উপেক্ষা করতে পারে না’ বলে ফ্রেজার বলেন ।

তবে ফ্রেজার মনে করেন, ইনজামাম মাঠের মধ্যে বিষয়টিকে দ্রুত সামাল দিতে পেরেছেন। ড্রেসিং রুমে ফিরে তার না খেলার সিদ্ধান্তকে অনেকটা ‘ইটের বদলে পাটকেলটির’ মতোই হয়েছে। 

ফ্রেজার আরো বলেন, ‘পাকিস্তান দল তাদের না খেলার মধ্য দিয়ে বল টেম্পারিং এর অভিযোগকে অস্বীকার করেছে। অন্যদিকে আম্পায়াররা মনে করছেন মাঠের মধ্যে তাদের কর্তৃত্ব খর্ব হচ্ছে। এই অবস্থার মধ্য দিয়ে পাকিস্তানকে হারিয়ে ইংল্যান্ডকে বিজয়ী ঘোষণা করা হয়। মধ্যখান দিয়ে ওভালে উপস্থিত ২৩ হাজার দর্শক এবং লক্ষ লক্ষ টিভি দর্শক রেডিও শ্রোতাদের কথা ভুলেই গিয়েছিলেন আম্পায়ার এবং ক্রিকেটাররা’।