২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্পেয়ারমনের কাছে ২০০ মিটার দৌড়ে হেরে গেলেন ডেভোনিস

ইংল্যান্ডের বার্মিংহামে নরউইচ ইউনিয়ন ইন্টারন্যাশনাল এ্যাথলেটিক প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রের দৌড়বিদ ওয়ালেস ম্পেয়ারমনের কাছে ২০০ মিটার দৌড়ে হেরে গেলেন মারলন ডেভোনিস।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2006, 03:10 PM

Updated : 26 Apr 2022, 03:52 PM

বিশ্ব চ্যাম্পিয়নশিপের রানার আপ ওয়ালেস ম্পেয়ারমন ২০ দশমিক ৩০ সেকেন্ড সময় নিয়ে প্রথম স্থান ছিনিয়ে নেন। মারলন ডেভোনিস ২০ দশমিক ৪৯ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হন।

এদিকে এই এ্যাথলেটিক প্রতিযোগিতায় রাশিয়া সম্মিলিতভাবে ৩৪৯ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। যুক্তরাষ্ট্র ৩১২ দশমিক ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে রয়েছে। ইংল্যান্ড ২৬৯ পয়েন্ট এবং চীন ১৫৮ দশমিক ৫ পয়েন্ট নিয়ে যথাক্রমে তৃতীয় এবং চতুর্থস্থানে রয়েছে।

ইংল্যান্ড শুধু লাফ-ধাপ-ঝাঁপ (ট্রিপল জাম্প) প্রতিযোগিতায় প্রথমস্থান অধিকার করেছে। বৃটিশ ক্রীড়াবিদ ফিলিপস আইডুউ যুক্তরাষ্ট্রের নাথান ডগলাসকে  বড় ব্যবধানে পরাজিত করে এই ইভেন্টে সোনা জিতে নেন। তিনি তার দ্বিতীয় লাফে সতের দশমিক দশ মিটার অতিক্রম করেন। নাথান  ১৬ দশমিক ৭৪ মিটার অতিক্রম করে ষষ্ঠ স্থান অধিকার করেন। অলিম্পিকের গত আসরে ১৫০০ মিটার দৌড়ে রৌপ্যপদক বিজয়ী আমেরিকান বার্নাড ল্যাগাট এবারের ৩০০০ মিটার দৌড়ে ৭ মিনিট ৫০ দশমিক ৪৯ সেকেন্ড সময় নিয়ে   ইংল্যান্ডের  মো ফারাহকে পরাজিত করে স্বর্ণপদক জিতেছেন। মো ফারাহ সময় নেন ৭ মিনিট ৫১ দশমিক ৮৪ সেকেন্ড। রাশিয়ার সার্গেই ইভানভ ৭ মিনিট ৫৯ দশমিক ৪৯ সেকেন্ড সময় নিয়ে তৃতীয়স্থান লাভ করেন।

লংজাম্পে যুক্তরাষ্ট্রের ব্রায়ান জনসন ৭ দশমিক ৯৯ মিটার অতিক্রম করে স্বর্ণপদক ছিনিয়ে নিয়েছেন। এই ইভেন্টে ৭ দশমিক ৯৬ মিটার অতিক্রম করে রৌপ্যপদক পেয়েছেন গ্রেগ রাদারফোর্ড ।

মহিলাদের ৩ হাজার মিটার দৌড়ে রাশিয়ার লিলিয়া সবুকোভা ৮ মিনিট ৩৮ দশমিক ৪২ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণপদক জিতেছেন।