ওভাল টেষ্টে বল টেম্পারিং এবং শাস্তির বিষয়টি বিবেচনা করবে আইসিসি
আন্তর্জাতিক ক্রিকেট পরিষদ আইসিসি পাকিস্তান ও ইংল্যান্ডের মধ্যেকার শেষ টেষ্টে ঘটে যাওয়া বল টেম্পারিং এবং পাকিস্তানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহনের বিষয়টি বিবেচনা করে শিগগিরই তাদের মন্তব্য প্রকাশ করবে বলে ধারনা করা হচ্ছে।
ওভালে অনুষ্ঠিত চতুর্থ ও শেষ টেষ্টে পাকিস্তানি বোলারদের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ ওঠে। পাকিস্তানি ফাস্ট বোলার ওমর গুল দিনের ৫৬ তম ওভার শেষ করার পর আম্পায়ার ড্যারেল হেয়ার পাকিস্তানের বিরুদ্ধে শাস্তিস্বরূপ ৫ রান জরিমানা করেন। এই ঘটনার প্রতিবাদে পাকিস্তান দিনের শেষ সেশনে মাঠে নামতে অস্বীকৃতি জানায়। পরে ম্যাচের দুই আম্পায়ার এবং ম্যাচ রেফারী পাকিস্তানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে ইংল্যান্ডকে বিজয়ী ঘোষণা করেন।
টেষ্ট ক্রিকেটের ইতিহাসে এধরনের শাস্তির বিধান থাকলেও এই প্রমবারের মতো কোনো দলের বিরুদ্ধে এই শাস্তি কার্যকর করা হলো। টেষ্টটির ম্যাচ রেফারী মাইক প্রোক্টর এই বিষয়ে আইসিসিকে বিস্তারিতভাবে অবগত করার জন্য একটি প্রতিবেদন তৈরী করছেন।
