ঢাকা সিটি কর্পোরেশন পাইওনিয়ার ফুটবল লীগ সোমবার শুরু হচ্ছে
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) তত্ত্বাবধানে এবং ঢাকা মহানগরী ফুটবল কমিটির সার্বিক ব্যবস্থাপনায় সোমবার দেশের সর্ববৃহৎ কিশোর ফুটবল প্রতিযোগিতা ‘ঢাকা সিটি কর্পোরেশন পাইওনিয়ার ফুটবল লীগ’ শুরু হতে যাচ্ছে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আবদুল মান্নান ভুঁইয়া এম,পি কমলাপুরস্থ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা স্টেডিয়ামে এই লীগের উদ্বোধন করবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র সাদেক হোসেন এমপি, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান এমপি, বিসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মির্জা ফকরুল ইসলাম আলমগীর এমপি এবং বাফুফে সভাপতি এস, এ সুলতান এমপি উপস্থিত থাকবেন।
এবারের লীগে মোট ৬১ টি ফুটবল দল অংশগ্রহণ করছে। সোমবার লীগের আনুষ্ঠানিক উদ্বোধনের পর ২৩ আগস্ট বুধবার পশ্চিম জোনের খেলার মধ্য দিয়ে লীগ খেলা শুরু হবে।
