প্রোটিয়াদের সমালোচনায় মেন্ডিস
কলম্বোতে সোমবার বোমা বিস্ফোরণের কারণে ত্রিদেশীয় ইউনিটেক কাপ ক্রিকেট আসর থেকে দক্ষিণ আফ্রিকা দল নিজেদের প্রত্যাহার করে নেয়ার সিদ্ধান্তের সমালোচনা করেছেন শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহি দুলিপ মেন্ডিস।
দুবাই ভিত্তিক নিরাপত্তা সংস্থা ‘নিকোলস, স্টেইন এন্ড এসোসিয়েটস’ নিরাপত্তার বিষয়ে তদন্ত চালিয়ে প্রতিবেদন পেশ করার পর দক্ষিণ আফ্রিকা দল ত্রিদেশীয় একদিনের আন্তর্জাতিক সিরিজ থেকে নিজেদের প্রত্যাহার করে নেয়। প্রতিবেদনে জানানো হয়, ‘দলের বর্তমান নিরাপত্তা ঝুকির মাত্রা অগ্রহণযোগ্য মাত্রায় রয়েছে”।
লঙ্কান বোর্ডের প্রধান নির্বাহি মেন্ডিস বলেন, “সরকার দক্ষিণ আফ্রিকা দলের জন্য রাষ্ট্রপতি পর্যায়ের নিরাপত্তার ব্যবস্থা করার পরও তারা দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ায় আমি আশ্চর্য হয়েছি। তারা দুবাই ভিত্তিক একটি নিরাপত্তা সংস্থার কাছ থেকে পরামর্শ গ্রহণ করেছে যা আরও আশ্চর্যজনক বিষয়। এই সংস্থার কোন কর্মকর্তাকে আমি কলম্বোতে দেখিনি। ২৪ ঘন্টার মধ্যেই দুবাইয়ে বসে সংস্থাটি নিরাপত্তা সংক্রান্ত প্রতিবেদন তৈরি করে ফেললো, যা সত্যিই বিস্ময়কর।”
দক্ষিণ আফ্রিকা ক্রিকেট এসোসিয়েশন (এসএসিএ)’এর প্রধান নির্বাহি টনি আইরিশ বলেন, “ছেলেরা তিন দিন চাপা উত্তেজনার মধ্যে ছিল। গ্রায়েম স্মিথ, জ্যাক ক্যালিস এবং আমি সব সময় দলের সাথে যোগাযোগ রক্ষা করে চলেছি।”
তিনি আরো বলেন, “দলের নিরাপত্তা পরামর্শদাতা সংস্থার পরামর্শে আমরা দলকে দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেই। তাছাড়া স্বাধীন আইসিসি নিরাপত্তা পরামর্শকরাও একই ধরনের পরামর্শ দেয়।”
