২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইনজামামের অধিনায়কত্ব কেড়ে নেওয়া হবে না: আলতাফ

২৪ বছর পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ পরাজয়ের পরেও ইনজামাম উল হককে অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়া হবে না। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)’এর অন্যতম পরিচালক সালিম আলতাফ জানান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2006, 10:36 AM

Updated : 26 Apr 2022, 03:52 PM

আলতাফ বলেন, “ইনজামামের অধিনায়কত্ব কেড়ে নেওয়া হবে না। এই বছরের শেষের দিকে নিজেদের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অনুষ্ঠেয় সিরিজ পর্যন্ত ইনজামামকে অধিনায়ক হিসাবে আগেই মনোনীত করা হয়েছে। সেই পর্যন্ত ম্যাচের ফলাফল যাই হোক না কেন, শুধু এ সিরিজের পরই তার অধিনায়ত্বের বিষয়টি বিবেচনা করবে বোর্ড।

ইংল্যান্ড সফরে চার টেস্টের সিরিজে ২ - ০ ব্যবধানে পিছিয়ে আছে পাকিস্তান। এই সিরিজের পর পাকিস্তানকে নভেম্বর মাসে নিজেদের মাটিতে ওয়েস্ট ইন্ডিজ দলের মোকাবেলা করতে হবে।

ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ও চতুর্থ টেস্টে লজ্জাজনকভাবে পরাজিত হওয়ার কারণে পাকিস্তানের সাবেক খেলোয়াড়রাদের সমালোচনার মুখে পড়েন ৩৬ বছর বয়স্ক ইনজামামকে এবং সমালোচকরা তাকে দ্রুত অধিনায়কের পদ থেকে অপসারণের দাবি জানান।

শেষবার ১৯৮২ সালে ইংল্যান্ডের মাটিতে পরাজিত হয়েছিল পাকিস্তান।

১১২ টি টেস্ট ও ৩৬২ টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞ ইনজামাম ২০০৩ সালের নভেম্বর মাসে অধিনায়ক হিসাবে দায়িত্ব গ্রহণ করার পর ২৩ টি টেস্টে পাকিস্তান দলকে নেতৃত্ব দিয়েছেন। তবে ২০০০ সালে নিয়মিত অধিনায়ক মইন খানের ইনজুরির কারণে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একটি টেস্টে নেতৃত্ব দিয়েছিলেন ইনজামাম।

ইনজামামের নেতৃত্বে পাকিস্তান আটটি টেস্টে জয়, আটটি টেস্টে পরাজয় এবং আটটি টেস্ট ড্র করে। এ সময় তিনি ৫৬ রান গড়ে সাতটি সেঞ্চুরি ও ১২ টি অর্ধশত রানের ইনিংস খেলেন।

আলতাফ বলেন, “অধিনায়ক হিসাবে ভালভাবেই নিজের দায়িত্ব পালন করছেন ইনজামাম। তার অধিনে খেলোয়াড়দের মাঝে দলীয় শৃঙ্খলা ও সংহতি বজায় থাকে।”