পাকিস্তানের উদ্দেশ্যে বিসিবি’র একাডেমি দলের ঢাকা ত্যাগ
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) জাতীয় ক্রিকেট একাডেমি দল মঙ্গলবার রাতে পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দিয়েছে। তারা পাকিস্তানের জাতীয় ক্রিকেট একাডেমি দলের সাথে তিনটি একদিনের ম্যাচ এবং দুইটি চারদিনের ম্যাচে অংশ নেবে।
করাচিতে ১৭ আগস্ট চারদিনের ম্যাচটির মধ্য দিয়ে দলটি তাদের পাকিস্তান সফর শুরু করবে। মুলতানে ২৩ আগস্ট দ্বিতীয় চারদিনের ম্যাচটি অনুষ্ঠিত হবে।
শেখুপুরা ক্রিকেট স্টেডিয়ামে ২৭ আগস্ট প্রথম একদিনের ম্যাচটি অনুষ্ঠিত হবে। দ্বিতীয় খেলাটি অনুষ্ঠিত হবে শিয়ালকোটের জিন্নাহ স্টেডিয়ামে ৩১ আগস্ট। সেপ্টেম্বরের ২ তারিখে লাহোরে বাহ - ই - জিন্নাহ স্টেডিয়ামে তৃতীয় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে।
৫ সেপ্টেম্বর বিসিবি জাতীয় ক্রিকেট একাডেমি দলের ঢাকা ফেরার কথা রয়েছে।
বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন একাডেমি দলের অপারেশন ম্যানেজার হিসেবে সফরকারী দলের সাথে পাকিস্তান যাচ্ছেন। এ বছরের শুরুতে জাতীয় দল থেকে অবসর নেওয়া খালেদ মাহমুদ প্রথমবারের মতো একজন কর্মকর্তা হিসেবে বিদেশ সফর করছেন।
দলে যেসব ক্রিকেটার স্থান পেয়েছেন তারা হলেন: মেহরাব হোসেন জুনিয়র (অধিনায়ক), নাজমুস সাদাৎ, জহিরুল ইসলাম, উত্তম সরকার, মাশরাল আইয়ুব, নাদিফ চৌধুরী, সগির হোসেন পাভেল, মাহমুদুল্লাহ রিয়াদ, মাশরাফ রুবেল, সোহরাওয়ার্দী শুভ, জিয়াউর রহমান, শাফাক আল জাবের, ডলার মাহমুদ এবং নাজমুল হোসেন।
যেসব কর্মকর্তা পাকিস্তান সফরে গেলেন তারা হলেন: খালেদ মাহমুদ সুজন ( দলের অপারেশান ম্যানেজার), অ্যালিস্টার ডি উইন্টার (কোচ), স্যামুয়েল ব্রাইন (ফিজিও), এবং মোহাম্মদ সালাউদ্দিন ( কম্পিউটার বিশেষজ্ঞ)।
