অ্যাশেজ সিরিজ পরাজয়ের বেদনা ভুলতে পারছেন না লী ও ক্লার্ক
গত বছর ইংল্যান্ডের কাছে ঐতিহাসিক অ্যাশেজ টেস্ট সিরিজে পরাজয়ের বেদনা এখনও ভুলতে পারছেন না অসি পেস বোলার ব্রেট লী এবং মারকুটে ব্যাটসম্যান মাইকেল ক্লার্ক।
ব্রিসবানে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যে অ্যাশেজ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ শুরু হতে এখনও ১০০ দিন বাকি রয়েছে।
মঙ্গলবার লী ও ক্লার্ক সাংবাদিকদের বলেন, “গত বছর অপ্রত্যাশিতভাবে ইংল্যান্ডের কাছে অ্যাশেজ টেস্ট সিরিজ পরাজয়ের হতাশা এখনও আমাদের তাড়া করে।”
ক্লার্ক বলেন, “বিশেষ করে প্রথম টেস্টের পর আমি যে ধরনের ফলাফল আশা করেছিলাম তা হয়নি। ইংল্যান্ডকে পরাজিত করে অ্যাশেজ ট্রফি ফিরিয়ে আনতে পারলেই পরাজয়ের ব্যথা দূর হবে।”
২৫ বছর বয়সী মাইকেল ক্লার্ক ক্যারিয়ারের প্রথম অ্যাশেজ টেস্ট সিরিজে গড়ে ৩৭ দশমিক ২২ রান করছেন। ক্লার্ক জানান, অ্যাশেজ সিরিজে অংশগ্রহণকারী অসি দলে জায়গা পেলে তিনি আরো রান করবেন।
এজবাসটনে দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়া দু’রানে পরাজিত হওয়ার ফলে ইংল্যান্ড ২ - ১ ব্যবধানে ১৮ বছর পর অ্যাশেজ টেস্ট সিরিজ জয় করতে সমর্থ হয় বলে মনে করেন স্পিডস্টার ব্রেট লী।
লী বলেন, “আমরা সিরিজ জয়ের খুব নিকটে চলে গিয়েও তা অর্জন করতে ব্যর্থ জয়েছি। তবে সব কৃতিত্ব ইংল্যান্ডের খেলোয়াড়দের কারণ পুরো সিরিজ জুড়ে তারা দারুন খেলেছে। আসন্ন অ্যাশেজ টেস্ট সিরিজ আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিরিজ।”
