কেনিয়াকে দ্বিতীয় ওয়ান ডে’তে হারিয়ে বিদেশের মাটিতে বাংলাদেশের প্রথম সিরিজ জয়
নাইরোবির জিমখানা ক্লাব মাঠে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে কেনিয়াকে ২ উইকেটে পরাজিত করে বিদেশের মাটিতে প্রথম সিরিজ জয়ের স্বপ্নপূরণ করলো বাংলাদেশ।
রাসেল, মাশরাফি ও রাজ্জাকের দূর্দান্ত বোলিংয়ে এবং আফতাব আহমেদ, মাশরাফি, রাজ্জাকের ব্যাটিং দৃঢ়তায় কেনিয়ার বিরুদ্ধে এই অবিস্মরণীয় জয় ছিনিয়ে নিয়েছে বেঙ্গল টাইগাররা।
টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে কেনিয়া। কিন্তু ওপেনার জুটিকে বেশীক্ষণ একসাথে থাকতে দেননি বাংলাদেশের ফাস্ট বোলার সৈয়দ রাসেল। খেলার তৃতীয় ওভারেই কেনেডি ওটিয়েনোকে ৫ রানে এলবি’র ফাঁদে ফেলেন তিনি। এরপর রাসেল কেনিয়ার দলীয় ৪০ রানের মধ্যেই আরো ২টি উইকেটের পতন ঘটিয়ে মিডল অর্ডার ব্যাটসম্যানদের জন্য খেলা কঠিন করে তোলেন।
খেলার ১২ তম ওভার থেকেই রাসেলের সাথে উইকেট শিকারে মত্ত হয়ে ওঠেন আগের খেলার ম্যান অব দ্যা ম্যাচ মাশরাফি বিন মুর্তজা। কেনিয়ার দুই ব্যাটিং স্তম্ভ স্টিভ টিকোলোকে মাত্র এক রানে এবং হিতেশ মোদিকে শূণ্য রানে এলবিডব্লিউ- এর শিকারে পরিণত করে মাশরাফি বলতে গেলে পুরো খেলাই বাংলাদেশের নিয়ন্ত্রণে নিয়ে আসেন। এসময়ে রাসেল ওবোয়া’র (১) উইকেটটি তুলে নিলে কেনিয়ার স্কোর ৬ উইকেটে ৪৫ রানে গিয়ে দাঁড়ায়।
টপ এবং মিডল অর্ডার ব্যাটসম্যানদের চরম ব্যর্থতার পর কেনিয়ার টি মিশ্র ও টমাস ওদোয়ো ছোটখাটো একটি জুটি গড়ে তোলেন। সপ্তম উইকেট জুটিতে এই দুই কেনিয় মূল্যবান ২৬ রান যোগ করেন। মিশরা ২৭ রান করে আব্দুর রাজ্জাকের বলে এলবি’র শিকার হন। ওদোয়ো এরপর সতীর্থ এন ওডিয়াম্বো’র সাথে আরেকটি ছোট জুটিতে ৩১ রান যোগ করেন। ওডিয়াম্বো যখন ব্যক্তিগত ১৭ রানে রাজ্জাকের বলে এলবির শিকার হন তখন কেনিয়ার দলীয় সংগ্রহ আট উইকেটে মাত্র ১০২ রান। তবে নবম উইকেট জুটিই কেনিয়াকে একটি সম্মানজনক স্কোরে নিয়ে যেতে সক্ষম হয়। এই জুটিতে ওদোয়ো এবং অনগন্ডো মুল্যবান ৫৮ রান যোগ করেন। শেষপর্যন্ত সাকিবুল হাসানের বলে মাসুদের হাতে স্ট্যাম্পড হয়ে ওদোয়োর ৮৪ রানের অনবদ্য ইনিংসটি শেষ হলে সবকটি উইকেট হারিয়ে কেনিয়ার সংগ্রহ ১৮৪ রানে গিয়ে দাঁড়ায়।
রাসেল ১০ ওভার বল করে মাত্র ২২ রানের বিনিময়ে ৪টি উইকেট লাভ করেন। মাশরাফি ১০ ওভারে ৫৩ রান দিলেও কেনিয়ার মিডল অর্ডারে ফাটল ধরিয়ে ৩টি মূল্যবান উইকেট তুলে নেন। স্পিনার আব্দুর রাজ্জাক তার নির্ধারিত ১০ ওভারে ২৫ রানের বিনিময়ে দুটি উইকেট লাভ করেন। ছয় দশমিক তিন ওভার বল করে অপর উইকেটটি তুলে নেন নবাগত স্পিনার সাকিবুল হাসান।
ব্যাট করতে নেমে বাংলাদেশ দল প্রথম থেকেই ধীর গতিতে খেলা শুরু করে। তবে পঞ্চম ওভারে বাংলাদেশের দলীয় ১৭ রানে প্রথম আঘাত হানতে সক্ষম হয় কেনিয় ফাস্ট বোলার অনগন্ডো। রাজিন সালেহ ১৯ বলে মাত্র তিন রান করে ওবুয়া’র হাতে অনগন্ডোর শিকারে পরিণত হন। অপর ওপেনার শাহরিয়ার নাফিস ১৮ রান করে ওডিয়াম্বো’র শিকারে পরিণত হলে চাপের মুখে পড়ে বাংলাদেশ। খেলার ১৪তম ওভারে দলীয় ৫৬ ও ব্যক্তিগত ১৩ রানে আউট হয়ে যান তরুণ সাকিবুল হাসান। এরপর টমাস ওদোয়ো আশরাফুলকে ৬ রানে এবং ফরহাদ রেজাকে ১৫ রানে প্যাভিলিয়নে পাঠিয়ে দিলে সত্যিকার বিপর্যয়ের মুখে পড়ে বাংলাদেশ। এসময় কুড়ি ওভারে পাঁচ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় মাত্র ৮৫ রান। দলের এই বিপর্যয়ের মুখে অধিনায়ক খালেদ মাসুদ এবং আফতাব আহমেদ ৩৭ রানে ছোটখাটো একটি জুটি গড়ে তোলেন। দলীয় ১১২ রানে মাথায় আফতাব ব্যক্তিগত ৩৮ রানে ওডিয়াম্বোর বলে স্টিভ টেকোলোর তালুবন্দী হন। অধিনায়ক খালেদ মাসুদ ৪৫ বলে মাত্র ১৩ এবং মোহাম্মদ রফিক শূণ্য রানে আউট হয়ে গেলে মাশরাফি ও রাজ্জাক খেলার হাল ধরেন। অষ্টম উইকেট জুটিতে হার না মানা ৫১ রান করে দলের সিরিজ জয় নিশ্চিত করেন এই দুই বোলার। মাশরাফি ৫৩ বলে ৪৩ রানে এবং রাজ্জাক ২৩ বলে ১৪ রানে অপরাজিত থাকেন। মাশরাফি তার ৪৫ রান এবং তিনটি উইকেট নিয়ে ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হন।
এর আগে বাংলাদেশ ক্রিকেট দল তাদের জিম্বাবুয়ে সফরে ফেবারিট হিসেবে সিরিজ জয়ের স্বপ্ন দেখলেও শেষ পর্যন্ত স্বাগতিকদের কাছে ২-৩ ম্যাচে সিরিজ হেরে যায়। তবে এবার কেনিয়ার বিরুদ্ধে সিরিজ জয় করে সেই ব্যর্থতাকে কিছুটা হলেও কাটিয়ে উঠতে পেরেছে বাংলাদেশ।
