২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২০০৭ সালের ক্রিকেট বিশ্বকাপের প্রস্তুতিতে সন্তুষ্ট আইসিসি

২০০৭ সালে ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠেয় ক্রিকেট বিশ্বকাপের স্টেডিয়ামগুলোর নির্মাণ ও সংস্কার কাজ দ্রুত এগিয়ে যাওয়ায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সন্তুষ্টি প্রকাশ করেছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2006, 10:13 AM

Updated : 26 Apr 2022, 03:51 PM

স্টেডিয়াম নির্মাণসহ অন্য কাজগুলো নিষ্ঠার সাথে পরিচালনা করায় আইসিসির আনুষ্ঠানিক অভিনন্দন পেয়েছে ক্যারিবীয় অঞ্চলের আয়োজকরা।

আইসিসি প্রেসিডেন্ট পার্সি সন এবং প্রধান নির্বাহী ম্যালকম স্পিড তিন দিনের ওয়েস্ট ইন্ডিজ সফরে বিশ্বকাপ আয়োজনের খুঁটিনাটি পরীক্ষা করে দেখেছেন। তাদের আশা নির্ধারিত সময়ের মধ্যেই সবগুলো কাজ যথাযথভাবে সম্পন্ন হবে।

জ্যামাইকার হিল্টন হোটেলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে স্পিড বলেন, “বিশ্বকাপ ক্রিকেট আয়োজনে কাজের অগ্রগতি দেখে খুব আনন্দিত। তবে এখনও অনেক কাজ বাকি আছে।”

দক্ষিণ আফ্রিকার ক্রিকেট কর্তৃপক্ষ ক্রিকেট সাউথ আফ্রিকার সাবেক সভাপতি ও বর্তমান আইসিসি প্রেসিডেন্ট পার্সি সনও ২০০৭ সালের বিশ্বকাপ ক্রিকেট টুর্নামেন্টের প্রস্তুতি দেখে আনন্দিত।

২০০৩ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বকাপের সাথে তুলনা করে সন বলেন, “আমি মনে করি বিশ্বকাপ প্রস্তুতির দিক থেকে এখন পর্যন্ত দক্ষিণ আফ্রিকার চাইতে এগিয়ে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজে নতুন স্টেডিয়াম নির্মাণ হচ্ছে। কিন্তু দক্ষিণ আফ্রিকায় নতুন কোনো স্টেডিয়াম তৈরি করা হয়নি। শুধু পুরনো স্টেডিয়ামগুলোর সংস্কার করা হয়েছিল।”