কেনিয়ার বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্যাচে বাংলাদেশ ৬ উইকেটে জয়ী
কেনিয়া সফররত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল স্বাগতিকদের বিরুদ্ধে একদিনের ক্রিকেটে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে ৬ উইকেটে জয়লাভ করেছে।
নাইরোবির জিমখানা স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে টসে জয়লাভ করে অধিনায়ক খালেদ মাসুদ প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। মাশরাফি তার প্রথম দুই ওভারেই দুই ওপেনার ওটিয়েনো (১) এবং ওউমা (০) কে প্যাভিলিয়নে পাঠিয়ে দিলে বেশ চাপের মুখে পড়ে স্বাগতিক কেনিয়া। এই অবস্থায় কেনিয়ার অধিনায়ক স্টিভ টিকোলো ও ওয়ান ডাউন কামান্ডে বেশ শক্ত হাতেই হাল ধরেন। তৃতীয় উইকেট জুটিতে এই দুই ব্যাটসম্যান যোগ করেন ৫৬ রান। দলীয় ৬০ ও ব্যক্তিগত ৪৭ রানে টিকোলো আউট হয়ে গেলে আবারো চাপের মুখে পড়ে কেনিয়া। আর এই চাপে মিডল অর্ডার ব্যাটসম্যানরা এক এক করে ধরাশায়ী হতে থাকেন বাংলাদেশের স্পিনার রাজ্জাক ও সাকিবুলের কাছে। ফলে ৪৯ দশমিক ১ ওভারেই মাত্র ১৬৮ রানে অল আউট হয়ে যায় কেনিয়া। রাজ্জাক ৩১ রানে ৩ টি এবং সাকিবুল ৩২ রানে দু’টি উইকেট লাভ করেন। কেনিয়ার পক্ষে টি মিশ্র দ্বিতীয় সর্বোচ্চ ৩৫ এবং হিতেশ মোদি ২২ রান করেন।
কেনিয়ার ১৬৮ রানের জবাবে বাংলাদেশ ব্যাট করতে নেমে মাত্র দশ রানের মাথায় শাহরিয়ার নাফিসের (৭) উইকেটটি হারিয়ে বসে। দুই ওভার পরেই ১৩ বলে ১৪ রান করে আউট হয়ে যান আফতাব আহমেদ। এরপর তৃতীয় উইকেট জুটিতে রাজিন সালেহ এবং তরুন সাকিবুল হাসান ৩১ রান যোগ করেন। দলীয় ৫৮ রানের মাথায় রাজিন ব্যাক্তিগত ১৯ রানে আউট হয়ে গেলে ম্যাচ জয় নিয়ে বেশ সংশয়ের মধ্যে পড়ে যায় বাংলাদেশ। তবে মোহাম্মদ আশরাফুল এবং সাকিবুল হাসান দৃঢ়তার সাথে বেশ দ্রুতই অবস্থা সামলে ওঠেন। সাকিবুল নিজস্ব ২০ এবং দলীয় ৯৭ রানে আউট হবার পর আর কোনো উইকেট খোয়াতে হয়নি বাংলাদেশকে। আশরাফুলের মাত্র ৪৩ বলে অপরাজিত ৬৭ রানের ঝড়ো ইনিংস এবং ফরহাদ রেজার ৩৫ বলে ৩৪ রানের কার্যকরী ইনিংসের কল্যাণে ৩০ দশমিক এক ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় ১৬৯ রান তুলে নেয় বাংলাদেশ।
ফাস্ট বোলার মাশরাফি বিন মুর্তজা তার নির্ধারিত দশ ওভারে মাত্র ১৯ রানের বিনিময়ে তিনটি মূল্যবান উইকেট শিকার করে ম্যান অব দি ম্যাচ বিবেচিত হন।
নাইরোবিতেই ১৩ আগস্ট দ্বিতীয় ওয়ান ডে ম্যাচটি অনুষ্ঠিত হবে।
