২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিভ্রান্তিমূলক ও অসৎ উদ্দেশ্য সাধনের জন্যই বাফুফে আগাম নির্বাচন করতে চাইছে: হারুন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আগাম নির্বাচন বিভ্রান্তিমূলক ও অসদুদ্দেশ্য সাধনের স্বার্থেই অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বাফুফের সাবেক কর্মকর্তা হারুনুর রশীদ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2006, 08:33 PM

Updated : 26 Apr 2022, 03:51 PM

ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে শনিবার এক সংবাদ সম্মেলনে বাফুফে’র সাবেক সাধারন সম্পাদক ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক হারুনুর রশীদ বলেন, আমরা জানতে পেরেছি যে নির্দিষ্ট সময়ের আগেই বাফুফে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছে। এ সংক্রান্ত একটি এজেন্ডাও শীঘ্র অনুষ্ঠিতব্য বাফুফে’র বার্ষিক সাধারণ সভায় আলোচনার জন্য রাখা হয়েছে। এটা পরিস্কার যে বর্তমান কমিটি রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে আবারো কমিটি গঠন করতে চাইছে।

হারুন তার লিখিত বক্তব্যে বলেন, বর্তমান বাফুফে কমিটি পুরোপুরিভাবেই রাজনৈতিক দলের ছত্রচ্ছায়ায় থাকায় এই কমিটির অধীনে দেশের ফুটবলের কোন প্রকার উন্নতি সম্ভব নয়।

সম্ভাব্য এই আগাম নির্বাচনে নির্বাচিত কমিটি পরবর্তী সরকারের কোপানলে পড়তে পারে বলে সতর্ক করে দিয়ে বাফুফে’কে এ প্রচেষ্টা থেকে বিরত থাকার জন্য তিনি আহবান জানান।

তিনি আরও বলেন, প্রাণনাশের হমকির কারণে এবং ষড়যন্ত্রমূলক ও মিথ্যা মামলার মাধ্যমে তাকে হয়রানি করায় তিনি বাফুফের সাধারণ সম্পাদকের পদ থেকে সরে দাঁড়াতে বাধ্য হন। বিরোধী দল আওয়ামী লীগের সমর্থক হবার কারণেই এই হয়রানি, এ রকম অভিযোগ করে তিনি বলেন, প্রতিকুল পরিস্থিতির কারণে তিনি এতোদিন তার প্রাণের প্রতি হুমকির বিষয়টি গোপন রেখেছিলেন।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বাফুফের সাবেক কর্মকর্তা শওকত আলী খান জাহাঙ্গীর, মোয়াজ্জেম হোসেন, এ্যাডভোকেট আর কে কাউসার, খোরশেদ আলম বাবুল, আবুল কাসেম, শেখ রাসেল ক্রীড়াচক্রের সভাপতি নুরুল আলম চৌধুরী এবং সাবেক ফুটবল তারকা শেখ মোহাম্মদ আসলাম ও বাদল রায় উপস্থিত ছিলেন।

বাফুফের ভাইস প্রেসিডেন্ট ও সাবেক তারকা ফুটবলার কাজী সালাহউদ্দিন এবং সহকারী সচিব ও সাবেক ফুটবলার আশরাফউদ্দিন আহমেদ চুন্নু ও জাতীয় দলের ব্যবস্থাপনা কমিটির সদস্যদের একযোগে পদত্যাগে বাফুফের নির্বাক ভূমিকারও নিন্দা করেন হারুন।

বর্তমান কমিটিকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘রাজনৈতিক দল সমর্থিত এই কমিটি দেশের সাবেক ফুটবল তারকাদের বাইরে রেখে দেশের ফুটবল জগতে একটি গোলমেলে অবস্থা সৃষ্টি করে রাখতে চায়’।

জাতীয় ফুটবল লীগ থেকে শেরে বাংলা’র নাম বাদ দিয়ে কেবলমাত্র বর্তমান স্পনসর যুবক ফোনের নাম ব্যবহার করায় তিনি বাফৃুফের তীব্র সমালোচনা করেন।

অর্থাভাবে জাতীয় দলের প্রশিক্ষণ শিবিরে অব্যবস্থাপনা এবং জাতীয় ফুটবল দলের কোচকে বেতন দিতে না পারার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, কর্মকর্তারা প্রায়ই বিদেশ যাচ্ছেন এবং নতুন নতুন গাড়ী কিনে ব্যক্তিগত ও রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য সেগুলোকে ব্যবহার করছেন।